মেট্রোরেল প্রকল্পে জাপানের চেয়ে এডিবির ব্যয় অনেক কম

জাপানি অর্থায়নে বাস্তবায়িত মেট্রোরেল প্রকল্পগুলোর ব্যয় ও ঠিকাদার নির্বাচন প্রক্রিয়া নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. হাদিউজ্জামান জানিয়েছেন, প্রকল্পগুলোর নকশা এবং নির্মাণ পদ্ধতি এমনভাবে নির্ধারণ করা হচ্ছে যা মূলত জাপানি পেটেন্ট বা বিশেষায়িত প্রযুক্তিনির্ভর। এর ফলে কাজের সক্ষমতা শুধুমাত্র জাপানি ঠিকাদারদের মধ্যেই সীমাবদ্ধ থাকছে, যা দরপত্র প্রক্রিয়াকে সীমিত করে ফেলছে। তিনি মনে করেন, ঢাকায় বিভিন্ন অর্থায়ন চুক্তির অধীনে বাস্তবায়নাধীন মেট্রোরেল প্রকল্পগুলোর ব্যয় ও ঠিকাদার নির্বাচন প্রক্রিয়ার মধ্যে তুলনা করা জরুরি।

সম্প্রতি একনেক সভায় প্রকল্প দুটির সংশোধিত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্পটি অনেক আগে থেকেই জাপানি অর্থায়নের কাঠামোয় এগিয়ে যাওয়ায় অর্থায়নকারী পরিবর্তনের সুযোগ ছিল না। এছাড়া, এখন চুক্তিবদ্ধ না হলে ভবিষ্যতে জাপানের ঋণের সুদের হার বৃদ্ধির শঙ্কায় দ্রুত অনুমোদন দেওয়া হয়েছে। যদিও এই প্রকল্পগুলো মূল একনেক এজেন্ডায় ছিল না, তবে কোনো এক অদৃশ্য কারণে সন্ধ্যার দিকে প্রকল্প দুটি একনেক টেবিলে উত্থাপনের সিদ্ধান্ত হয় এবং সে অনুযায়ী প্রস্তুতি নেওয়া হয়। এটি করতে গিয়ে অফিস সময়ের বাইরেও কর্মকর্তাদের কাজ করতে হয়েছে।

তথ্য অনুযায়ী, হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত ২০ কিলোমিটার এমআরটি লাইন-৫ উত্তর রুটের মূল ব্যয় ৪১ হাজার ২৩৮ কোটি ৫৫ লাখ টাকা থেকে বেড়ে ৮৯ হাজার ৮৪৮ কোটি ৩৬ লাখ টাকা হয়েছে। অর্থাৎ ব্যয় বেড়েছে ৪৮ হাজার ৬০৯ কোটি ৮১ লাখ টাকা বা ১১৭ দশমিক ৮৭ শতাংশ। এতে কিলোমিটারপ্রতি গড় ব্যয় দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার ৪৯২ কোটি টাকা। এই প্রকল্পে জাপানি ঋণ ৬৭ হাজার ৫১৮ কোটি ২৫ লাখ টাকা এবং সরকারের অর্থ ২২ হাজার ৩৩০ কোটি ১১ লাখ টাকা। এই রুটের ১৩ দশমিক ৫ কিলোমিটার পাতাল এবং ৬ দশমিক ৫ কিলোমিটার উড়ালপথ। মোট ১৪টি স্টেশনের মধ্যে ৯টি পাতাল ও ৫টি উড়াল। প্রকল্পটি ২০২৮ সালে শেষ করার লক্ষ্য থাকলেও সংশোধিত পরিকল্পনায় তা পিছিয়ে ২০৩২ সালের ডিসেম্বর করা হয়েছে।

অন্যদিকে, গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত ১৭ দশমিক ২০ কিলোমিটার লাইন-৫ দক্ষিণ রুটের ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭ লাখ টাকা। এর মধ্যে সরকারের অর্থ ১৫ হাজার ১৯৭ কোটি ৬৬ লাখ এবং এডিবি ও দক্ষিণ কোরিয়ার অর্থায়ন ৩০ হাজার ৩০৬ কোটি ১০ লাখ টাকা। এই রুটের ১৩ দশমিক ১০ কিলোমিটার পাতাল এবং ৪ দশমিক ১৫ কিলোমিটার উড়ালপথ। মোট ১৫টি স্টেশনের মধ্যে ১১টি পাতাল ও ৪টি উড়াল। প্রকল্প বাস্তবায়নের সময় ধরা হয়েছে ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ২০৩৩ সালের আগস্ট পর্যন্ত। কিলোমিটারপ্রতি গড় ব্যয় প্রায় ২ হাজার ৬৪৬ কোটি টাকা। অর্থাৎ নর্দান রুটে প্রতি কিলোমিটারে ব্যয় সাউদার্নের তুলনায় প্রায় ৭০ শতাংশ বেশি।

কর্মকর্তারা জানিয়েছেন, ভবিষ্যতে এডিবির অর্থায়নে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কম ব্যয়ে নির্মাণের সুযোগ থাকায় দরকষাকষির একটি ক্ষেত্র তৈরি হয়েছে। তবে জাপানি প্রকল্পে শুরু থেকেই নির্ভরশীলতা থাকায় সেখান থেকে সরে আসার সুযোগ সীমিত ছিল।