মক্কা লক্ষ্য করে হুতিদের ড্রোন হামলাচেষ্টা, যুদ্ধবিমান ভূপাতিতের দাবি

পবিত্র মক্কা নগরী লক্ষ্য করে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিরা ড্রোন হামলা চালানোর চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। সৌদি আরবের আকাশসীমায় প্রবেশের আগেই গত মঙ্গলবার সন্ধ্যায় ড্রোনটি ভূপাতিত করা হয়। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে রিয়াদ হুঁশিয়ারি দিয়েছে যে হুতিদের এই অপচেষ্টাকে ‘চূড়ান্ত সীমার’ লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হবে এবং তাদের বিরুদ্ধে যেকোনো প্রতিরোধমূলক পদক্ষেপ নিতে সৌদি জোট দ্বিধা করবে না। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ ও মুসলিম জোট এই হামলার চেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে। তবে সৌদি আরবের এই দাবিকে ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছে হুতিরা। তাদের দাবি, এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণায় এখন আর কেউ কান দেয় না।

মক্কা লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করলেও ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীটি সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, ইয়েমেনের মারিব প্রদেশের উত্তর-পশ্চিমে হেলান পর্বতের কাছে স্থানীয় প্রযুক্তিতে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সাহায্যে বিমানটি ভূপাতিত করা হয়। এ ছাড়া তারা সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান আরামকোর একটি স্থাপনা ও বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবিও করেছে। হুতিদের দাবি অনুযায়ী, গত কয়েক দিনে সৌদি আরব ইয়েমেনে তাদের অবস্থান লক্ষ্য করে প্রায় ৪৫০টি বিমান হামলা চালিয়েছে। তবে সৌদি আরব যুদ্ধবিমান ভূপাতিত হওয়া বা বিমান হামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

পবিত্র মক্কা নগরীকে লক্ষ্য করে এই ড্রোন হামলার খবরের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ মক্কা আল-মুকাররমার পবিত্রতা এবং সৌদি আরবের অন্যান্য পবিত্র স্থানের প্রতি গভীর শ্রদ্ধা পুনর্ব্যক্ত করছে এবং এসব পবিত্র স্থানের সুরক্ষায় সৌদি সরকার ও জনগণের প্রতি সংহতি জানাচ্ছে। এ ছাড়া ৫৭টি মুসলিম দেশের জোট ওআইসি, আরব লিগ, জর্ডান, কুয়েত, মালয়েশিয়া, পাকিস্তান ও ভারতও এই ঘটনার নিন্দা জানিয়েছে। আরব লিগের মহাসচিব নাবিল ফাহমি মক্কার নিরাপত্তা ও ইসলামের পবিত্র স্থানগুলোর পবিত্রতা ক্ষুণ্ন করার এমন অপচেষ্টাকে অত্যন্ত গর্হিত কাজ বলে অভিহিত করেছেন।

এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওমানের রাজধানী মাসকাটে মার্কিন কর্মকর্তারা হুতি প্রতিনিধিদের সঙ্গে ‘গোপনে’ বৈঠক করেছেন। ওমান সরকারের মধ্যস্থতায় অনুষ্ঠিত এই বৈঠকে হুতিরা মার্কিন জাহাজে হামলা না করার এবং ২০২৫ সালের যুদ্ধবিরতি মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছে। তারা জানিয়েছে, ইসরায়েলি বা সৌদি মালিকানাধীন জাহাজ ছাড়া অন্য কোনো বাণিজ্যিক জাহাজে তারা হামলা চালাবে না। ট্রাম্প প্রশাসন ২০২৫ সালের মার্চে হুতিদের ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার পর তাদের ওপর বিমান হামলা চালিয়েছিল, যার পর গত বছরের মে মাসে উভয় পক্ষ একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়।

উল্লেখ্য, ২০১৫ (2015) সালের মার্চে সৌদি আরবের নেতৃত্বে একটি জোট ইয়েমেন সরকারের সমর্থনে সামরিক হস্তক্ষেপ শুরু করে। তবে ২০২২ (2022) সালে যুদ্ধবিরতির পর পক্ষগুলোর মধ্যে সংঘাত উল্লেখযোগ্যভাবে কমে আসে। কিন্তু বর্তমানে ইয়েমেনের পশ্চিমাঞ্চলে সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে নতুন করে তীব্র সংঘাত শুরু হয়েছে। হুতিরা লোহিত সাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মোখা শহর এবং মাইয়ুন (পেরিম) দ্বীপ দখলে নেওয়ার পর বাব আল-মানদেব প্রণালিতে তাদের নিয়ন্ত্রণ আরও জোরদার করেছে, যার ফলে সৌদি আরবের তেল ও গ্যাস রপ্তানি ব্যাহত হচ্ছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) তথ্যমতে, এই নতুন সংঘাতের কারণে ইয়েমেনের ভেতরে এক লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং দুই হাজারের বেশি মানুষ জীবন বাঁচাতে লোহিত সাগর পাড়ি দিয়ে জিবুতিতে আশ্রয় নিয়েছে। মধ্যপ্রাচ্যবিষয়ক বিশ্লেষক লরেঞ্জো কামেল আল-জাজিরাকে বলেন, হুতিদের কেবল ইরানের প্রক্সি হিসেবে দেখলে ভুল হবে; তারা মূলত আঞ্চলিক অস্থিরতাকে কাজে লাগিয়ে নিজেদের অভ্যন্তরীণ কর্তৃত্ব প্রতিষ্ঠা এবং সৌদি হস্তক্ষেপ বন্ধের চেষ্টা করছে।

এর আগে ২০১৭ সালের জুলাই মাসেও হুতিরা মক্কা নগরী লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেণপাস্ত্র ছুঁড়েছিল।

একটি সূত্রের ভাষ্য, হুতিরা ইসরায়েলি জাহাজ বা সৌদি আরবের মালিকানাধীন জাহাজ ছাড়া অন্য কোনো বাণিজ্যিক জাহাজে হামলা চালাবে না।ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয় ২০১৪ সালে।