আগামী মাসের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রথম ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্য নিয়ে কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন এই তথ্য জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, প্রকল্পের কারিগরি বিষয়গুলো দ্রুত সমাধানের জন্য রাশিয়ার প্রায় চার হাজার বিশেষজ্ঞ ও প্রকৌশলী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
বুধবার বিকেলে গুলশানে অবস্থিত এফবিসিসিআই কার্যালয়ে প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন এসব কথা বলেন। এ সময় দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদারে একটি যৌথ ‘রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিল’ গঠনের আগ্রহ প্রকাশ করেন রাশিয়ার রাষ্ট্রদূত। পাশাপাশি মস্কোতে ‘রাশিয়া-বাংলাদেশ বিজনেস ফোরাম’ আয়োজনের পরিকল্পনার কথাও জানান তিনি। আলেকজান্ডার খোজিন বলেন, আগামী নভেম্বরের শুরুতে ঢাকায় অনুষ্ঠেয় আন্তঃসরকার কমিশনের বৈঠকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
দুই দেশের উদ্যোক্তাদের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনের উদ্দেশ্যে মস্কোতে এই বিজনেস ফোরাম আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই ফোরামে বাংলাদেশ থেকে অংশ নেওয়া ব্যবসায়ীদের প্রোফাইল বিশ্লেষণ করে সরাসরি বিটুবি বৈঠকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেশনের আয়োজন করা হবে বলে জানান রাষ্ট্রদূত।
বৈঠকে এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বাণিজ্য বাড়াতে তৈরি পোশাকের পাশাপাশি নতুন ও সম্ভাবনাময় খাতের ওপর জোর দেওয়ার আহ্বান জানান। বিশেষ করে রাশিয়ার বাজারে ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, সিরামিক এবং বাংলাদেশি মানবসম্পদ রপ্তানির বিষয়টিকে গুরুত্ব দেওয়ার জন্য তিনি আহ্বান জানান।
এর জবাবে রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ থেকে জেনেরিক ওষুধ আমদানির বিষয়ে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় বর্তমানে প্রয়োজনীয় আইনি ও প্রক্রিয়াগত বিষয়গুলো পর্যালোচনা করছে। এছাড়া রাশিয়ার তীব্র শীতের উপযোগী ভারী জুতা এবং চামড়াজাত পণ্যের সেখানে ভালো চাহিদা রয়েছে। তিনি আরও জানান, কৃষি, মৎস্য, জাহাজ নির্মাণ শিল্প ও সেবা খাতে কাজের সুযোগ তৈরি হওয়ায় সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া প্রায় তিন হাজার বাংলাদেশি কর্মীকে ভিসা প্রদান করেছে। সরকারি ও বেসরকারি খাতের যৌথ উদ্যোগে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে উভয় পক্ষ আশা প্রকাশ করেন।

