জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে প্রথমবারের মতো ১০০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা ১ লাখের মাইলফলক অতিক্রম করেছে। মঙ্গলবার বিবিসি এ তথ্য জানিয়েছে। বর্তমানে জাপানে ১ লাখ ৭ হাজার ৬৭৭ জন শতবর্ষী বা তার চেয়ে বেশি বয়সের মানুষ রয়েছেন, যা বিশ্বে সর্বোচ্চ। এই বয়স্ক জনগোষ্ঠীর ৮৮ শতাংশই নারী।
তালিকায় সবচেয়ে বয়স্ক নারী হিসেবে রয়েছেন কিয়োটো শহরের বাসিন্দা ১১৪ বছর বয়সী কিশিমোতো ফুয়ো। অন্যদিকে, সবচেয়ে বয়স্ক পুরুষ হলেন কুমামোটোর বাসিন্দা ১১২ বছর বয়সী কাতো হিকারু।
জাপানের স্বাস্থ্যমন্ত্রী কেনিচিরো উয়েনো এই অর্জনে সন্তোষ প্রকাশ করে বলেছেন, বিপুল সংখ্যক মানুষ দীর্ঘ, সুস্থ ও কর্মচঞ্চল জীবনযাপন করছেন, যা অত্যন্ত আনন্দের। তবে একইসঙ্গে তিনি দেশটির টেকসই সামাজিক নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখার ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জের বিষয়ে সতর্ক করেছেন।
বিশেষজ্ঞদের মতে, জাপানিদের এই দীর্ঘায়ুর পেছনে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও কর্মচঞ্চল জীবনযাত্রা প্রধান ভূমিকা পালন করছে। দেশটির সাধারণ খাদ্যাভ্যাসে মূলত মাছ, শাকসবজি ও চালের প্রাধান্য থাকে। এছাড়া বয়স্করা নিয়মিত হাঁটাচলা, গণপরিবহন ব্যবহার, সাইকেল চালানো এবং শরীরচর্চামূলক স্ট্রেচিং বা ব্যায়ামের মতো অভ্যাসের সাথে যুক্ত থাকেন।

