মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র, চটেছে চীন-রাশিয়া

যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে। মার্কিন বিমানবাহিনীর সেক্রেটারি ট্রয় মেইঙ্ক জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের স্পেস ফোর্সের কাছে বর্তমানে কক্ষপথে ‘অন-অরবিট স্পেস কন্ট্রোল উইপনস’ বা মহাকাশ নিয়ন্ত্রণ অস্ত্র রয়েছে। মহাকাশ নিয়ে চীন ও রাশিয়ার সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই এমন চাঞ্চল্যকর ঘোষণা এলো।

বিশেষজ্ঞদের মতে, ওয়াশিংটনের অস্ত্র মোতায়েনের বিষয়টি এতদিন ‘ওপেন-সিক্রেট’ থাকলেও প্রকাশ্যে স্বীকারোক্তি আগে কখনো পাওয়া যায়নি। বিশ্লেষকরা মনে করছেন, এই ঘোষণা মহাকাশে অস্ত্র প্রতিযোগিতার ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে। মার্কিন সামরিক ব্যবস্থায় স্যাটেলাইটের গুরুত্ব অপরিসীম; যোগাযোগ, নেভিগেশন, ক্ষেপণাস্ত্র শনাক্তকরণ এবং গোয়েন্দা নজরদারিতে এগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে কোনো বড় সংঘাতে প্রতিপক্ষের স্যাটেলাইট অকার্যকর করা গেলে তা সামরিক সক্ষমতায় বড় প্রভাব ফেলবে।

তবে যুক্তরাষ্ট্র ঠিক কী ধরনের অস্ত্র কক্ষপথে রেখেছে, তা এখনো পরিষ্কার নয়। বিশেষজ্ঞদের ধারণা, এগুলো স্যাটেলাইট ধ্বংসকারী কাইনেটিক অস্ত্রের পরিবর্তে ইলেকট্রনিক যুদ্ধের সরঞ্জাম বা জ্যামার জাতীয় নন-কাইনেটিক ব্যবস্থা হতে পারে। কারণ স্যাটেলাইট ধ্বংস করলে তৈরি হওয়া ধ্বংসাবশেষ নিজেদের স্যাটেলাইটের জন্যও ঝুঁকি তৈরি করবে। মেরিল্যান্ডের সম্মেলনে মার্কিন স্পেস অপারেশন্সের প্রধান জেনারেল ডগলাস শিয়েস জানান, স্পেস ফোর্স না থাকলে ইরানের বিরুদ্ধে ‘অপারেশন এপিক ফিউরি’ পরিচালনা করা সম্ভব হতো না।

এদিকে, মার্কিন এই ঘোষণার কড়া নিন্দা ও সতর্কবার্তা দিয়েছে চীন ও রাশিয়া। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন মঙ্গলবার বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন মহাকাশে যুদ্ধের প্রস্তুতি নেওয়া বন্ধ করে।’ বেইজিং ও মস্কো বরাবরই যুক্তরাষ্ট্রকে মহাকাশ সামরিকীকরণ ও অস্ত্র প্রতিযোগিতায় উসকানি দেওয়ার জন্য অভিযুক্ত করে আসছে। মার্কিন স্পেস ফোর্সের দাবি, চীন ও রাশিয়া তাদের স্যাটেলাইটকে বাধাগ্রস্ত করার সক্ষমতা বাড়াচ্ছে, যার প্রতিক্রিয়ায় ওয়াশিংটন এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।