মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা প্রথমবারের মতো স্বীকার করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে যে, তারা মহাকাশে অস্ত্র মোতায়েন করেছে। মেরিল্যান্ডে সোমবার অনুষ্ঠিত এয়ার অ্যান্ড স্পেস সাইবার কনফারেন্সে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর সেক্রেটারি ট্রয় মেইঙ্ক এই তথ্য জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে এমন ‘অন-অরবিট স্পেস কন্ট্রোল উইপন’ বা কক্ষপথে মোতায়েনযোগ্য মহাকাশ নিয়ন্ত্রণ অস্ত্র তৈরি করেছে, যা শত্রুপক্ষের সম্ভাব্য হামলা থেকে মার্কিন যৌথ বাহিনীকে সুরক্ষা দিতে সক্ষম। ওয়াশিংটনের এই নতুন পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া ও চীন। তবে ঠিক কী ধরনের অস্ত্র মোতায়েন করা হয়েছে বা এগুলো কার্যপদ্ধতি কী, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি মেইঙ্ক।

২০২৪ সালে যুক্তরাষ্ট্র ইঙ্গিত দিয়েছিল যে, রাশিয়া মহাকাশ থেকে উৎক্ষেপণযোগ্য নতুন ধরনের একটি এন্টি-স্যাটেলাইট অস্ত্র তৈরির কাজ করছে। তৎকালীন সময়ে হোয়াইট হাউস দাবি করেছিল, রাশিয়ার এই অস্ত্রের কারণে তাৎক্ষণিক কোনো বিপদের আশঙ্কা নেই। তবে রাশিয়ার সেই উপগ্রহবিধ্বংসী অস্ত্র নিয়ে বিভিন্ন প্রতিবেদন মহাকাশে রাশিয়া ও চীনের সম্ভাব্য হুমকি নিয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের উদ্বেগকে নতুন করে সামনে নিয়ে আসে। এর অন্যতম প্রধান কারণ হলো, যুক্তরাষ্ট্রের বিপুলসংখ্যক অবকাঠামো ও যোগাযোগব্যবস্থা সরাসরি স্যাটেলাইটের ওপর নির্ভরশীল।

সম্মেলনে দেয়া বক্তব্যে মেইঙ্ক আরও জানান, মার্কিন বিমানবাহিনী তাদের সক্ষমতা বাড়াতে আরও বেশি স্বয়ংক্রিয় ব্যবস্থা যুক্ত করছে। তার পূর্বাভাস অনুযায়ী, ২০৩২ সালের মধ্যে মার্কিন বিমানবাহিনীর সামগ্রিক চেহারা ‘নাটকীয়ভাবে ভিন্ন’ হয়ে যাবে। তিনি উদাহরণ হিসেবে বলেন, ভবিষ্যতে প্রথাগত কামান বা আর্টিলারির পরিবর্তে একমুখী হামলা চালাতে সক্ষম ড্রোনগুলো যুদ্ধক্ষেত্রে ‘প্রধান হত্যাকারী অস্ত্র’ হিসেবে ব্যবহৃত হতে পারে। বিদ্যমান বৈশ্বিক হুমকির বিপরীতে তারা নিজেদের প্রস্তুতি আরও জোরদার করছেন বলে তিনি উল্লেখ করেন। উল্লেখ্য, ২০১৯ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মার্কিন স্পেস ফোর্স প্রতিষ্ঠা করেছিলেন।