ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের নেতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি স্থাপন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এই প্ল্যাটফর্মটি এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়েছে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে তারা এই অবস্থান তুলে ধরে।
সংস্কারের পর গত রোববার ডাকসু সংগ্রহশালাটি পুনরায় চালু করা হয়। এতে মুহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবি যুক্ত করা হয়েছে। এর মধ্যে ১৯৪৮ সালের ২১ মার্চ রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) দেওয়া জিন্নাহর সেই ভাষণের ছবি রয়েছে, যেখানে তিনি উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করেছিলেন। এছাড়া ১৯৪০ সালের মার্চে লাহোরে নিখিল ভারত মুসলিম লীগের বার্ষিক সম্মেলনের দলীয় ছবি, ডন পত্রিকার প্রতিবেদনের কাটিং এবং ছাত্রসংঘের সাবেক নেতা আবদুল মালেকের ছবি সেখানে স্থান পেয়েছে। বিপরীতে, বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের প্রধান নেপথ্য রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বা একক কোনো ছবি সেখানে রাখা হয়নি।
শিক্ষক নেটওয়ার্কের একটি প্রতিনিধিদল সরাসরি সংগ্রহশালা পরিদর্শন করে এই পরিবর্তনের সত্যতা নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মুহাম্মদ আলী জিন্নাহ স্বাধীন বাংলাদেশের নাগরিক নন এবং ভাষা আন্দোলনের সূচনালগ্নে তিনি বাঙালির আত্মনিয়ন্ত্রণাধিকারের ওপর আঘাত হেনেছিলেন। এছাড়া ১৯৭১ সালের গণহত্যার জন্য পাকিস্তান কখনোই ক্ষমা চায়নি। এমন একজন বিতর্কিত শাসকের ছবি যথাযথ ঐতিহাসিক তথ্য ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্মারকে স্থান পাওয়া বাঙালি জাতির জন্য অপমানজনক বলে তারা মন্তব্য করেছে।
শিক্ষক নেটওয়ার্কের ভাষ্যমতে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিতর্কের ঊর্ধ্বে না হলেও, শেখ হাসিনার ওপর ক্ষোভকে পুঁজি করে মুক্তিযুদ্ধের আগের ইতিহাস মুছে ফেলার এই অপচেষ্টা অত্যন্ত পরিকল্পিত। তারা আরও জানায়, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানি বাহিনী ও তাদের স্থানীয় দোসরদের চালানো নৃশংস গণহত্যার নথি সরিয়ে ফেলা উগ্র ধর্মীয় গোষ্ঠীর রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের একটি অংশ, যা শিক্ষক ও শিক্ষার্থীরা মেনে নিতে পারে না।
সংগ্রহশালায় যেকোনো পরিবর্তন বা সংস্কারের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পূর্বানুমতি ও সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণ করা বাধ্যতামূলক হলেও এ ক্ষেত্রে তার তোয়াক্কা করা হয়নি বলে অভিযোগ করেছে শিক্ষক নেটওয়ার্ক। তারা অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত করা, সংগ্রহশালা থেকে সরিয়ে ফেলা স্মারকগুলো পুনর্বহাল এবং সেগুলোর তালিকা প্রকাশের দাবি জানিয়েছে।

