ঢাকা সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী সেলিম ও সাদিক

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামী। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সোমবার বিকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত সীরাতুন্নবী (সা.) কনফারেন্সে এই নাম ঘোষণা করেন।

ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসেবে লড়বেন দলটির ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে মিয়া গোলাম পরওয়ার স্থানীয় নির্বাচনে দলীয় অবস্থানের কথা তুলে ধরেন। তিনি বলেন, জাতীয় নির্বাচনে জোটবদ্ধভাবে অংশগ্রহণ করলেও স্থানীয় সরকারের নির্বাচনে সব দল আলাদাভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। এই প্রেক্ষাপটেই ঢাকার দুই সিটি করপোরেশনের জন্য জামায়াতের প্রার্থী নির্ধারণ করা হয়েছে।

অনুষ্ঠানে ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি ভাঙচুর ও বিতর্ক প্রসঙ্গেও কথা বলেন জামায়াতের এই নেতা। তিনি মন্তব্য করেন, যারা প্রথাগত রাজনীতি করেন এবং এই ভূখণ্ডের ইতিহাস সম্পর্কে জানেন না, তাদের পক্ষেই এমন আচরণ করা সম্ভব বলে তিনি জানান।