ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সাত ধাপে সম্পন্ন করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। স্থানীয় সরকারের এই নির্বাচন নিয়ে প্রাক-প্রস্তুতিমূলক সভা শেষে কমিশন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
নির্বাচন কমিশনার জানান, আগামী ১২ই নভেম্বর প্রথম ধাপের নির্বাচনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এরপর পর্যায়ক্রমে দ্বিতীয় ধাপ ১৩ই ডিসেম্বর, তৃতীয় ধাপ ৩০শে ডিসেম্বর, চতুর্থ ধাপ ১৭ই জানুয়ারি, পঞ্চম ধাপ ৪ঠা ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপ ২২শে এপ্রিল এবং সপ্তম ধাপের ভোট ২৭শে মে অনুষ্ঠিত হওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।
প্রথম ধাপের নির্বাচনে দেশের ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদগুলোতে ভোটগ্রহণ করা হবে। নির্বাচন কমিশনার সানাউল্লাহ ব্যাখ্যা করেন, যেসব জেলায় উপজেলার সংখ্যা ১০ বা তার বেশি, সেসব জেলার দু’টি করে উপজেলা প্রথম ধাপে রাখা হয়েছে। এছাড়া চট্টগ্রাম ও কুমিল্লা জেলায় তিনটি করে উপজেলায় প্রথম ধাপে ভোট হবে। আদালতের রায়ের কারণে দু’টি উপজেলায় নির্বাচন করা বাধ্যতামূলক, আর বাকি উপজেলাগুলো বেশি সংখ্যক উপজেলা থাকা জেলাগুলোর সাথে আনুপাতিক হারে সমন্বয় করে প্রথম ধাপে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ইসি সানাউল্লাহ আরও জানান, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সকল নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পরিকল্পনা রয়েছে, যা তৃতীয় ধাপের নির্বাচনের সময় হতে পারে। এছাড়া ষষ্ঠ ও সপ্তম ধাপের নির্বাচন অপেক্ষাকৃত হালকা রাখা হবে বলেও তিনি উল্লেখ করেন।

