জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য আগামী ১৯শে সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুরের উদ্দেশ্যে দ্বিতীয় লংমার্চের ঘোষণা দিয়েছে। এবার তাদের আন্দোলনের দাবি ছয়টি থেকে বাড়িয়ে সাতটিতে রূপান্তর করা হয়েছে। নতুন করে যুক্ত হওয়া দাবিটি হলো ‘দুর্নীতি ও দখলবাজি বন্ধ’। রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ জানান, ১৯শে সেপ্টেম্বর সকাল ৭টায় ঢাকার মানিক মিয়া এভিনিউতে জমায়েতের মাধ্যমে এই লংমার্চের কার্যক্রম শুরু হবে। সেখানে সকাল ৮টা পর্যন্ত এক ঘণ্টার একটি উদ্বোধনী সভা অনুষ্ঠিত হবে। এরপর রংপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে পথিমধ্যে পাঁচটি স্থানে পথসভা করা হবে। সবশেষে রংপুর জেলা স্কুল মাঠে সমাপনী জনসভার মাধ্যমে এই কর্মসূচি শেষ হবে। এর আগে এই জোট ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে তাদের প্রথম লংমার্চ সফলভাবে সম্পন্ন করেছিল।
দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে হামিদুর রহমান আযাদ বলেন, বর্তমানে দেশের জনজীবন চরম সংকটে ও দুর্বিষহ অবস্থায় রয়েছে। বিশেষ করে বড় ধরনের অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে, যা সমাধানের জন্য জাতীয় রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন। কিন্তু বর্তমান সরকার বিরোধীদের কোনো প্রস্তাবই আমলে নিচ্ছে না। তিনি আরও বলেন, বর্তমানে দুর্নীতি প্রতিযোগিতার ভিত্তিতে চলছে। দখলদারিত্ব ও চাঁদাবাজি বিগত ফ্যাসিস্ট আমলকেও ছাড়িয়ে গেছে। এই পরিস্থিতির কারণেই তারা পূর্বের ছয় দফার সঙ্গে নতুন দাবিটি যোগ করে সাত দফা দাবি ঘোষণা করেছেন।
চট্টগ্রামের লংমার্চের অর্জন সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াত নেতা বলেন, ওই কর্মসূচির মাধ্যমে তারা সরকারকে জনগণের দাবি পূরণে চাপ সৃষ্টি করতে পেরেছেন। এমনকি সংসদ নেতা দাঁড়িয়ে লংমার্চকে সম্বোধন করতে বাধ্য হয়েছেন। একে তাদের বড় অর্জন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সরকারের কানে পানি ঢুকেছে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপি’র মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, খেলাফত আন্দোলনের মহাসচিব ফখরুল ইসলাম, এলডিপি’র ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল মিয়াজী, বিডিপি’র মহাসচিব নিজামুদ্দিন নাইম এবং বাংলাদেশ লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলীসহ জোটের শীর্ষ নেতৃবৃন্দ।

