দেশের প্রতিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) কর্মদক্ষতা মূল্যায়নের জন্য একটি অভিন্ন কাঠামো চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার সব ব্যাংকে পাঠানো এই নির্দেশনার আওতায় এমডিদের মূল কর্মসম্পাদন সূচক বা কেপিআই নির্ধারণে পাঁচটি ভিন্ন দৃষ্টিভঙ্গির আলোকে মোট ১০০ নম্বরের একটি মূল্যায়ন পদ্ধতি চালু করা হয়েছে। এই মূল্যায়নের ফলাফলের ওপর ভিত্তি করেই এমডিদের নিয়োগ, পুনর্নিয়োগ, চুক্তির মেয়াদ বৃদ্ধি এবং তাদের বেতন-ভাতা ও প্রণোদনা নির্ধারণ করা হবে।
বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, প্রতিটি এমডির ছয় মাসের কর্মদক্ষতা পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমানে দায়িত্ব পালনরত এমডিদের জন্য আগামী অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সময়কালকে প্রথম মূল্যায়নকাল হিসেবে গণ্য করা হবে। পরবর্তীতে নতুন এমডি নিয়োগের ক্ষেত্রেও যোগদানের পরবর্তী ছয় মাসের কর্মদক্ষতা মূল্যায়ন করা হবে। কোনো সূচকে প্রত্যাশিত মান বজায় রাখতে ব্যর্থ হলে বা কর্মদক্ষতা খারাপ হলে নেতিবাচক নম্বর বা পেনাল্টির বিধানও যুক্ত করা হয়েছে এই কাঠামোয়।
মূল্যায়ন কাঠামোটি কার্যকর করার প্রক্রিয়া হিসেবে, প্রতিটি ব্যাংককে আগের প্রান্তিকের সূচককে ভিত্তি ধরে পরবর্তী ছয় মাসের লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে। এই লক্ষ্যমাত্রা পরিচালনা পর্ষদের অনুমোদনের পর সাত কার্যদিবসের মধ্যে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে চূড়ান্ত করতে হবে।
১০০ নম্বরের এই মূল্যায়ন কাঠামোটি পাঁচটি ভাগে বিভক্ত। এর মধ্যে ব্যাংকের মূলধন পর্যাপ্ততার অনুপাত, জরুরি সময়ের তারল্য এবং ঝুঁকি মোকাবিলার সক্ষমতা যাচাইয়ের জন্য ২৫ নম্বর বরাদ্দ রাখা হয়েছে। খেলাপি ঋণ নিয়ন্ত্রণ, অবলোপন করা ঋণ পুনরুদ্ধার এবং শীর্ষ ২০ ঋণগ্রহীতার কাছে ঋণ কেন্দ্রীভূত হওয়ার মাত্রা পর্যালোচনার জন্য আরও ২৫ নম্বর রাখা হয়েছে।
এছাড়াও, বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনসংক্রান্ত নির্দেশনা পরিপালন, অর্থপাচার প্রতিরোধ নীতিমালা অনুসরণ, তথ্যপ্রযুক্তি নিরাপত্তা এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা মূল্যায়নে ২৫ নম্বর বরাদ্দ করা হয়েছে। আর্থিক অন্তর্ভুক্তিতে ভূমিকার জন্য ১৫ নম্বর নির্ধারণ করা হয়েছে, যেখানে ক্ষুদ্র, কুটির, ছোট ও মাঝারি উদ্যোগ, কৃষি, পরিবেশবান্ধব অর্থায়ন, ডিজিটাল সেবার প্রসার, জালিয়াতি প্রতিরোধ এবং গ্রাহকের অভিযোগ নিষ্পত্তির হার বিবেচনায় নেওয়া হবে। সর্বশেষ, ব্যাংকের অর্জিত মুনাফা এবং পরিচালন ব্যয়ের দক্ষতার জন্য ১০ নম্বর বরাদ্দ রাখা হয়েছে। এই বিভাজনের ভিত্তিতে ব্যাংকগুলো তাদের নিজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করবে।

