যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানের সঙ্গে চলমান বিরোধ বা যুদ্ধ শেষ হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আইরিশ ওপেন গলফ টুর্নামেন্ট চলাকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, তেহরান একটি চুক্তি করতে অত্যন্ত মরিয়া হয়ে উঠেছে।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, চুক্তির জন্য ইরান বারবার ফোন করছে। তারা চুক্তি করতে চায়, তবে তা অবশ্যই একটি ‘সঠিক চুক্তি’ হতে হবে। সঠিক না হলে তিনি কোনো চুক্তিই গ্রহণ করবেন না বলে সাফ জানিয়ে দেন। এর আগে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম প্রতি গ্যালন ছয় ডলার ছাড়িয়ে যাওয়ার পর ট্রাম্প বলেছিলেন, আগামী ৩ নভেম্বরের নির্বাচনের পর তেলের দাম হঠাৎ করেই অনেক কমে যাবে। গত রবিবার (১৩ সেপ্টেম্বর) তিনি আবারও বলেন, ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যবর্তী নির্বাচনের পরপরই, এমনকি তার আগেও শেষ হতে পারে। আর এটি নিশ্চিতভাবে শেষ হওয়ার পর ডিজেলের দাম পাথরের মতো দ্রুত নিচে নেমে যাবে।
এদিকে পারস্য উপসাগর ও ওমান উপসাগরের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ইরানের অংশগ্রহণ নিয়ে ট্রাম্প জানান, বিষয়টি তাকে মোটেও উদ্বিগ্ন করে না এবং এটি সংশ্লিষ্ট দেশগুলোর নিজস্ব অভ্যন্তরীণ বিষয়। অন্যদিকে ইরান জানিয়েছে, ওমানে অনুষ্ঠিতব্য বৈঠকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের জন্য একটি নতুন রুট নিয়ে আলোচনা করা হবে।
তবে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ক্ষেত্রে ইরানের মূল শর্ত হলো—আমেরিকাকে অবশ্যই ইসলামাবাদ সমঝোতা স্মারকে দেওয়া তাদের প্রতিশ্রুতিতে ফিরে আসতে হবে।

