কর্মীদের মেধাবী সন্তানদের জন্য ‘প্রিয়শপ স্কলারশিপ’ চালু

দেশের অন্যতম বৃহৎ রিটেইল টেকনোলজি ও ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম প্রিয়শপ সম্প্রতি ‘প্রিয়শপ স্কলারশিপ’ নামে একটি নতুন কর্মসূচি চালু করেছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো প্রতিষ্ঠানটির বিভিন্ন হাবে কর্মরত কর্মীদের মেধাবী সন্তানদের শিক্ষাজীবনে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা। এর মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে এগিয়ে যেতে উৎসাহিত করা হবে।

এই কর্মসূচির আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এককালীন শিক্ষা অনুদান দেওয়া হয়েছে। পাশাপাশি, পরবর্তীতে তাদের নিয়মিত শিক্ষা সহায়তা প্রদানের ব্যবস্থাও রাখা হয়েছে। সম্প্রতি মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী কর্মীদের সন্তানদের মধ্য থেকে এই স্কলারশিপের জন্য শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে।

স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেন প্রিয়শপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকুল আলম খাঁন এবং প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা। এই উদ্যোগের বিষয়ে আশিকুল আলম খাঁন বলেন, প্রিয়শপের প্রতিটি অর্জনের পেছনে আমাদের সহকর্মীদের কঠোর পরিশ্রম রয়েছে, আর তাদের এই সাফল্যের পেছনে রয়েছে তাদের পরিবারের অসামান্য সমর্থন।

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি আমাদের দায়বদ্ধতা শুধু কর্মীদের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তাদের পরিবার ও ভবিষ্যৎ প্রজন্মের প্রতিও আমাদের দায়িত্ব রয়েছে। আমরা চাই শিক্ষার্থীরা তাদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাক এবং তারা জানুক যে প্রিয়শপ সবসময় তাদের পাশে রয়েছে।