প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ এএম
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় কাভার্ডভ্যানের সঙ্গে একটি যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১১ জন। গত শনিবার (১২ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে কর্ণফুলীর শিকলবাহা চৌমুহনী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মাইক্রোবাসের যাত্রীরা চট্টগ্রাম নগরের আগ্রাবাদে একটি বিয়ের অনুষ্ঠান শেষ করে বাড়ি ফিরছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগ্রাবাদের একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান শেষে মাইক্রোবাসটি কক্সবাজারের ঈদগাহের দিকে যাচ্ছিল। পথিমধ্যে শিকলবাহা চৌমুহনী এলাকায় পৌঁছালে ইউটার্ন নিতে যাওয়া একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ মারাত্মকভাবে দুমড়েমুচড়ে যায়। সংঘর্ষের পর ঘটনাস্থলেই ফেরদৌস আলম ও মিফতাহ নামের দুই যাত্রী প্রাণ হারান।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাইক্রোবাসের চালক মুন্নাসহ আরও দুইজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। সেখানে দুজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১১ জন। দুর্ঘটনার পর ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করা হলেও এর চালক ও সহকারী পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

