ব্রিকস জোটের ১৯তম শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে লাগাম টানার জন্য জোর আহ্বান জানানো হয়েছে। জোটের সদস্যদেশ হিসেবে ইরান ও সংযুক্ত আরব আমিরাত এই ঘোষণাপত্রে সই করে নিজেদের সমর্থন ব্যক্ত করেছে।
ভারতের নয়াদিল্লিতে আয়োজিত এই দুই দিনব্যাপী সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই নেতা আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু, সংঘাত প্রশমন, স্থিতিশীলতা রক্ষা এবং আঞ্চলিক শান্তি ও উন্নয়নের নানা উদ্যোগ নিয়ে আলোচনা করেন।
সম্মেলনে গৃহীত ‘নয়াদিল্লি ঘোষণা’য় নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ না করে সব ধরনের একতরফা সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা জানানো হয়েছে। ঘোষণাপত্রে প্রতিটি রাষ্ট্রের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের পাশাপাশি বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেওয়া হয়।
সম্মেলনে দেওয়া ভাষণে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ব্রিকস জোটের দেশগুলোকে সক্রিয় ভূমিকা রাখার তাগিদ দেন। তিনি বলেন, এই যুদ্ধ ওই অঞ্চলজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ ডেকে এনেছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের সাধারণ স্বার্থেরও পরিপন্থি। এ সময় তিনি ব্রিকস সদস্য দেশগুলোকে যেকোনো দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

