লোহিত সাগর এবং এডেন উপসাগরীয় অঞ্চলে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার ঝুঁকি ভয়াবহভাবে বৃদ্ধি পাওয়ায় একটি জরুরি সতর্কবার্তা জারি করেছে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী মিশন ‘অ্যাসপাইডস’। সংস্থাটি জানিয়েছে, যেসব বাণিজ্যিক জাহাজের সঙ্গে যুক্তরাষ্ট্র, ইসরাইল কিংবা সৌদি আরবের স্বার্থ সরাসরি যুক্ত রয়েছে, সেগুলোকে আপাতত এই নৌপথ এড়িয়ে চলাই শ্রেয়। আলজাজিরার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জাহাজ চলাচল শিল্পের উদ্দেশ্যে জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে, লোহিত সাগর ও এডেন উপসাগর হয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলোকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। বিশেষ করে উল্লেখিত তিন দেশের সংশ্লিষ্টতা থাকা জাহাজগুলো হুথি বিদ্রোহীদের হামলার নিশানায় পড়ার সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে। হুমকি বা ঝুঁকির মাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস না পাওয়া পর্যন্ত এই পরামর্শ কার্যকর থাকবে বলে জানিয়েছে অ্যাসপাইডস।
এর আগে গত রোববার ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে একটি নৌ অবরোধ কার্যকর করার ঘোষণা দেয়। ইয়েমেনের আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবের হামলা এবং দেশটিতে আরোপিত অবরোধের প্রতিক্রিয়ায় তারা এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠীটি।
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ১৮: ২৩আপডেট : ২২ জুলাই ২০২৬, ১৮: ২৪

