কক্সবাজারের মহেশখালীতে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ধারাবাহিক সহিংসতা ও অপরাধমূলক কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জননিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়ে শনিবার বিকেলে মহেশখালী উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে দলটির পক্ষ থেকে একটি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা মহেশখালীর বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেন। তাদের অভিযোগ, খুন, হামলা, অস্ত্রের অবৈধ কারবার, মাদক এবং মানবপাচারের মতো অপরাধের ঘটনা প্রতিনিয়ত ঘটলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
বক্তারা সাম্প্রতিক কয়েকটি ঘটনার উদাহরণ টেনে বলেন, গত ৬ সেপ্টেম্বর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র এলাকায় মনিরের অস্বাভাবিক মৃত্যু, ৭ সেপ্টেম্বর হোয়ানকের কালাগাজীর পাড়ায় গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা এবং ১১ সেপ্টেম্বর জেলা দলের গোলরক্ষক সাঈদীকে মোটরসাইকেল থেকে নামিয়ে হামলার মতো ঘটনা ঘটেছে। এসব অপরাধের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি না থাকায় তারা ক্ষোভ প্রকাশ করেন।
অপরাধের মূল উৎস চিহ্নিত করে নিয়মিত গোয়েন্দা নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়ে বক্তারা বলেন, শুধু ঘটনার পর অভিযান চালিয়ে দীর্ঘমেয়াদী সমাধান সম্ভব নয়। এ সময় তারা মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) পরিবর্তন করে একজন দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার দাবি জানান। পাশাপাশি জনবহুল এলাকায় পুলিশের টহল জোরদার এবং প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্তের দাবি জানানো হয়।
মানববন্ধনে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দীন, মহেশখালী উপজেলা আহ্বায়ক মির্জা তারেক, সদস্যসচিব অ্যাডভোকেট মাহবুব আলম, সিনিয়র সদস্য ইমাম শরিফ, যুবশক্তির সাদ্দাম আদিব, ছাত্রশক্তির শোয়াইব উদ্দিন সোলেমান এবং জেলা ছাত্রশক্তির সাজ্জাদসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

