প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পিএম। পানি বণ্টনসংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার উদ্দেশ্যে সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল গঠন করেছে। এই দলটি খুব দ্রুতই এ বিষয়ে ভারতকে আনুষ্ঠানিকভাবে অবহিত করবে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজবাড়ী জেলার কলিমহড় গ্রামে নিজের বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা জানান প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
পানিসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, নদীতে পানির পর্যাপ্ত প্রবাহ বজায় থাকলে কৃষি ও মৎস্য উৎপাদন স্বাভাবিক রাখা সম্ভব। বর্তমান সরকার তার নির্বাচনি ইশতেহারে দেশের পানিসম্পদের যথাযথ ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে। এরই ধারাবাহিকতায় একনেকে পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে শুধু পানির আধার তৈরিই নয়, বরং বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থাও রাখা হবে বলে তিনি উল্লেখ করেন।
রাশেদ আল মাহমুদ তিতুমীর আরও বলেন, উজানের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার পাশাপাশি দেশের পানিসম্পদের দীর্ঘমেয়াদি ও সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ করা জরুরি। বাংলাদেশের সঙ্গে ৫৪টি নদীর আন্তর্জাতিক পানি প্রবাহের সম্পর্ক রয়েছে। এ ক্ষেত্রে সরকারের মূল ভিত্তি হলো ‘সবার আগে বাংলাদেশ’। সরকার ন্যায়ের ভিত্তিতে দেশের স্বার্থ সমুন্নত রাখতে বদ্ধপরিকর।

