জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে যে প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলায় ৩ জন মার্কিন সেনা নিহত হয়েছিলেন, তার আগে ইরান চীনা প্রতিষ্ঠানের কাছ থেকে ওই ঘাঁটির উচ্চ-রেজল্যুশনের স্যাটেলাইট ছবি সংগ্রহ করেছিল। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে) এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। কর্মকর্তাদের দাবি, যুদ্ধ চলাকালে ইরানকে দেওয়া চীনের সহায়তার কারণে মার্কিন সেনারা সরাসরি প্রাণঘাতী হামলার শিকার হয়েছে—এটিই তার সবচেয়ে স্পষ্ট প্রমাণ।
প্রতিবেদনে বলা হয়েছে, গত জুলাই মাসে উত্তর-পূর্ব জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার সঙ্গে এই স্যাটেলাইট ছবির সরাসরি যোগসূত্র রয়েছে। ক্ষেপণাস্ত্রটি যখন ঘাঁটির আবাসিক এলাকায় আঘাত হানে, তখন সেখানে মার্কিন সেনারা ঘুমাচ্ছিলেন। তবে ইরানকে ঠিক কোন কোন চীনা প্রতিষ্ঠান এই স্যাটেলাইট ছবি সরবরাহ করেছিল, মার্কিন কর্মকর্তারা তা প্রকাশ করেননি।

