ফ্যাশন মডেলিং এবং বাংলা চলচ্চিত্রে অভিনয়ের গণ্ডি পেরিয়ে এবার মিউজিক ভিডিওতে নতুন চমক নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছেন তরুণ মডেল দেবজ্যোতি। শুক্রবার দুপুরে ‘ভয়েজ অফ নারগিস’ নামের ইউটিউব চ্যানেলে তার অভিনীত নতুন মিউজিক ভিডিওটি প্রকাশ করা হয়েছে। মুক্তির পর থেকেই গান ও ভিডিওটি নিয়ে দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে।
গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী নারগিস এ খানম। গানটির কথা লিখেছেন কাজল শেখ এবং এর সংগীতায়োজন করেছেন ইফতেখারুল এহতেশাম লেনীন। পুরো মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন।
নিজের নতুন এই কাজ নিয়ে উচ্ছ্বসিত দেবজ্যোতি বলেন, “দারুণ একটি গানের কাজ করেছি। বিশেষ করে গানটির শিল্পী নারগিস এ খানম আপু দুর্দান্ত গেয়েছেন। আর মিউজিক ভিডিওটি সৌমিত্র ঘোষ ইমন ভাই অনেক যত্ন নিয়ে নির্মাণ করেছেন। আশা করি, গান ও মিউজিক ভিডিওটি সবার ভালো লাগবে।”
মডেলিংয়ের পাশাপাশি চলচ্চিত্র ও মিউজিক ভিডিওতে নিয়মিত কাজ করার মাধ্যমে দেবজ্যোতি নিজের ক্যারিয়ারকে আরও বিস্তৃত করছেন। এখন নতুন এই মিউজিক ভিডিওতে তার উপস্থিতি দর্শকদের কতটা মুগ্ধ করে, তা দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

