ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. মতিনুর রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর গুলশানস্থ কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস জানিয়েছে, বৈঠকে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা ও একাডেমিক কার্যক্রম, ভৌত অবকাঠামোগত উন্নয়ন এবং ক্যাম্পাসের অর্জিত অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। বিশেষ করে নবনির্মিত ‘আবরার ফাহাদ হল’-এর আনুষ্ঠানিক উদ্বোধনসহ ক্যাম্পাসের সার্বিক উন্নয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়সমূহ তিনি প্রধানমন্ত্রীর সদয় অবগতির জন্য উপস্থাপন করেন।
সাক্ষাতের সময় উপাচার্য তার রচিত কয়েকটি গবেষণামূলক বই প্রধানমন্ত্রীকে উপহার হিসেবে প্রদান করেন। প্রধানমন্ত্রী বইগুলো সাদরে গ্রহণ করেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নসহ অগ্রযাত্রা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই আলোচনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত প্রসারে নতুন দিগন্ত উন্মোচন করবে।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এ. কে. মতিনুর রহমান জানান, তিনি প্রধানমন্ত্রীকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আসার আমন্ত্রণ জানিয়েছেন। প্রধানমন্ত্রী কুষ্টিয়া সফরের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়টি পরিদর্শনের আমন্ত্রণ গ্রহণ করেছেন। উপাচার্য বলেন, “আগামী মাসে উনার কুষ্টিয়া সফরের সময় আমাদের বিশ্ববিদ্যালয়টিও উনার সফরসূচির তালিকায় অগ্রাধিকার হিসেবে থাকবে। ক্যাম্পাসে নবনির্মিত ‘আবরার ফাহাদ’ হলটি উনাকে দিয়ে উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে।”

