বরিশালের বাকেরগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে সুমন সিকদার (৩৮) নামে এক ভ্যানচালককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত সুমন সিকদার উপজেলার কালেরকাঠী গ্রামের মৃত আদম আলী সিকদারের ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে কবাই ইউনিয়নের কালেরকাঠী গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটে। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের মা মনোয়ারা বেগম জানান, স্থানীয় স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সঙ্গে জড়িত রিগান হাওলাদারের সঙ্গে তার ছেলে সুমনের বাড়ির সামনে পূর্বশত্রুতার জেরে তর্কাতর্কি ও মারামারি হয়। রিগান হাওলাদার ওই এলাকার রফিক হাওলাদারের ছেলে এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক। ঘটনার সময় রিগানের সঙ্গে তার সমর্থক মনা তালুকদার ও সুমন সিকদারসহ ৮-১০ জন ধারালো অস্ত্র নিয়ে সুমনের মাথায়, হাতে ও পায়েসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কোপায়।
নিহত সুমনের মা আরও জানান, হত্যাকারীরা সুমনকে মৃত ভেবে বাড়ির পাশের একটি পুকুরে ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সত্যজিৎ দত্ত তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় অভিযুক্ত রিগান হাওলাদার, সুমন সিকদার ও মনা তালুকদার পলাতক রয়েছেন। মনা তালুকদার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য এবং সুমন সিকদার স্থানীয় বাবুল সিকদারের ছেলে। বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। তবে হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ তদন্ত সাপেক্ষে বলা সম্ভব হবে বলে তিনি জানিয়েছেন।
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮: ৫৫আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮: ৫৫

