ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন সমাপ্ত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সংসদের কার্যক্রমের ওপর দেওয়া বক্তব্যের মাধ্যমে অধিবেশন সমাপ্তির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। গত ২৭ আগস্ট শুরু হওয়া এই অধিবেশনে মোট ৯টি বৈঠক অনুষ্ঠিত হয়।
অধিবেশন চলাকালে আইন প্রণয়নের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। এ সময় মোট ছয়টি বিল উত্থাপিত হয় এবং ছয়টি বিলই পাস হয়েছে। সংসদীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের অংশ হিসেবে এ অধিবেশনে ৩৫টি সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়েছে। পাশাপাশি একটি বিশেষ কমিটিও পুনর্গঠন করা হয়।
অধিবেশনে সংসদ সদস্যদের পক্ষ থেকে আসা বিভিন্ন প্রশ্নের জবাবও দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ও বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের কাছে মোট ২ হাজার ৮২০টি প্রশ্ন পাঠানো হয়েছিল। এর মধ্যে ১ হাজার ৬৯৩টির সরাসরি উত্তর পাওয়া গেছে এবং বাকিগুলো টেবিলে উত্থাপন করা হয়েছে। সংসদীয় কার্যপ্রণালির বিভিন্ন বিধিতে নোটিশের ভিত্তিতে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও নিষ্পত্তি করা হয়েছে। ৬৮ বিধিতে সাতটি নোটিশের মধ্যে দুটির ওপর আলোচনা হয়েছে, ৭১ বিধিতে ১৫টির মধ্যে ১৪টির ওপর আলোচনা হয়েছে এবং ৭১(ক) বিধিতে ১২৪টি নোটিশ পাওয়া গেছে। এছাড়া ১৪৭ বিধিতে দুটি এবং ৩০২ বিধিতে একটি নোটিশ উত্থাপিত হয়েছে।
সমাপনী বক্তব্যে সংসদীয় রীতিনীতি, পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তার বক্তব্যে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিরোধীদলীয় নেতা, চিফ হুইপ, মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যদের ধন্যবাদ জানান। এছাড়া সংসদ সচিবালয়, সরকারি দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গণমাধ্যমকর্মীদের ভূমিকার প্রশংসা করা হয়।
পরিশেষে, সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আদেশ পাঠ করেন স্পিকার। রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী বৃহস্পতিবার বৈঠক শেষে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হয়।
এ অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য ১৪৪টি এবং বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তরদানের জন্য ২ হাজার ৬৭৬টি প্রশ্ন ছিল।

