১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ এএম-এর খবর অনুযায়ী, ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে বাড়িঘর, দোকানপাট কিংবা কোনো প্রতিষ্ঠানের চারপাশে অবহেলাজনিত কারণে মশার প্রজননস্থল তৈরি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জেল-জরিমানাসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। বৃহস্পতিবার আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেখানে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ। আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক নূরজাহান আক্তারসহ প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।
নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে শুধু সিটি করপোরেশনের ওপর নির্ভর করলে চলবে না, নগরবাসীকেও এগিয়ে আসতে হবে। সবার আগে নিজেদের বাড়ি, আঙিনা ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে ছাদ, ড্রেন, ফুলের টব, ফ্রিজ কিংবা এসি-র নিচে যেন কোনোভাবেই তিন দিনের বেশি পানি জমে না থাকে, সেদিকে কড়া নজর রাখতে হবে।
মো. আবদুস সালাম জানান, দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। প্রতি শনিবার এই পরিচ্ছন্নতা অভিযানে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নতুন প্রজন্মকে ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ রক্ষার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তরুণ শিক্ষার্থীরা মাঠে নামলে সমাজ ও পরিবেশের ইতিবাচক পরিবর্তন নিশ্চিত করা সম্ভব হবে।
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দিয়ে প্রশাসক বলেন, আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণের বিশাল লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে তিনি যেখানে-সেখানে প্লাস্টিক ও পলিথিন বর্জ্য ফেলে পরিবেশ দূষিত না করার জন্য নগরবাসীর প্রতি বিশেষ অনুরোধ জানান।

