ভারতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। শুধু প্রধানমন্ত্রী নন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই সম্মেলনে কোনো প্রতিনিধিও পাঠানো হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সম্মেলনে অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা কীভাবে যাব? বাংলাদেশ সরকারের কাউকে কি আমন্ত্রণ জানানো হয়েছে? আমাদের প্রধানমন্ত্রীকে সরাসরি আমন্ত্রণ জানানো হয়নি।’ তিনি ব্যাখ্যা করেন যে, ভারতকে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে, যা ঢাকা ভালোভাবে নেয়নি। আমন্ত্রণ জানানোর এই প্রক্রিয়ায় বাংলাদেশ সন্তুষ্ট নয়।
উল্লেখ্য যে, আসন্ন ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে আমন্ত্রণপত্রে তাকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ না করে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে সম্বোধন করা হয়। গত বছরের এপ্রিলে দুই বছরের জন্য বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাত দেশের জোট বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব নেয় বাংলাদেশ। জোটের সদস্য দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, মিয়ানমার, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, দিল্লি সফরের ক্ষেত্রে বহুপক্ষীয় ফোরামে অংশগ্রহণের চেয়ে দ্বিপক্ষীয় সফর ও আলোচনার ওপরই বাংলাদেশ বেশি গুরুত্ব দিচ্ছে। পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে পরিবেশ অনুকূল হলে দ্বিপক্ষীয় সফর হবে এবং এ বিষয়ে তাড়াহুড়োর কিছু নেই। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লির ভারত মণ্ডপমে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে সদস্য দেশগুলোর নেতাদের পাশাপাশি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও অংশ নেবেন।

