২৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে হামের দ্বিতীয় দফার টিকাদান

দেশে হামের সংক্রমণ রোধে আগামী ২৫ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় দফার বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ধানমণ্ডির ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশনে আয়োজিত এক সেমিনারের পর সাংবাদিকদের এই তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ‘বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস’ উপলক্ষে অ্যাসোসিয়েশন ফর ডিজএবলড পিপল (এডিপি) এবং রোটারি ক্লাব আহসান মঞ্জিল যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।

টিকার প্রাপ্যতা নিশ্চিত করার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, দ্বিতীয় দফার এই ক্যাম্পেইনের জন্য প্রয়োজনীয় টিকার বড় অংশই ইতিমধ্যে ইউনিসেফের মাধ্যমে দেশে এসে পৌঁছেছে। আর বাকি থাকা টিকাগুলো আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে দেশে এসে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। তিনি আরও জানান, পূর্ববর্তী টিকাদান কর্মসূচি শেষ হওয়ার পরও দেশে হামের সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় সরকার বিশেষ ‘মপ-আপ’ কার্যক্রম হাতে নেয়। এই বিশেষ উদ্যোগের আওতায় নতুন করে আরও ১৪ লাখ শিশুকে হামের টিকা দেওয়া সম্ভব হয়েছে।

টিকার মজুত নিয়ে পূর্ববর্তী সরকারের সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত সরকার দেশে কোনো টিকার মজুত রেখে যায়নি। এমন সংকটময় পরিস্থিতিতেও বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর মাত্র ২১ দিনের মধ্যে ১ কোটি ৮৫ লাখ শিশুর জন্য প্রয়োজনীয় টিকা সংগ্রহ করে সফলভাবে টিকাদান কার্যক্রম সম্পন্ন করতে সক্ষম হয়েছে।

সেমিনার শেষে দেশের বর্তমান ডেঙ্গু পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, ঢাকার হাসপাতালগুলোর ওপর রোগীর অতিরিক্ত চাপ কমাতে দেশের প্রান্তিক ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি হাসপাতালে প্রয়োজনীয় আইসোলেশন বেড প্রস্তুত রাখার পাশাপাশি বিশেষ মোবাইল হাসপাতালের ব্যবস্থাও রাখা হয়েছে। এছাড়া টারশিয়ারি হাসপাতালগুলোর ওপর চাপ কমাতে সোসাইটি অব মেডিসিনের মাধ্যমে উপজেলা পর্যায়ের চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় করা হচ্ছে এবং তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।