মানুষের জীবনে তাকওয়া বা খোদাভীতি হলো সব সৎ গুণের সমষ্টি, যা ইহকাল ও পরকালে মুক্তি এবং প্রশান্তি লাভের একমাত্র আশ্রয়স্থল। কিন্তু এই তাকওয়ার পথে সবচেয়ে বড় অন্তরায় হয়ে দাঁড়ায় অহংকার বা আত্মগরিমা। অন্তরের গভীরে লুকিয়ে থাকা ‘আমি তার চেয়ে ভালো’—এই একটি অনুভূতিই মানুষকে চরম পতনের দিকে ঠেলে দেয়। অন্যের যোগ্যতা, রিজিক, পদ বা সম্মানকে তুচ্ছ মনে করার মধ্য দিয়েই মূলত এই গোপন অহংকারের জন্ম হয়। এটি প্রকারান্তরে মহান আল্লাহর সৃষ্টির বণ্টন ও সুনিপুণ সিদ্ধান্তের ওপর এক ধরনের গোপন আপত্তি ও তাঁর হিকমতের ওপর সন্দেহ করার শামিল। নিজেকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ ভাবার এই প্রবণতা মূলত প্রথম অহংকারী গুনাহগার ইবলিসেরই অনুসৃত পথ।
এই অহংকার কেবল মুখে উচ্চারিত বাক্যের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং মানুষের আচরণে নানা রূপে প্রকাশ পায়। কখনো সরাসরি কিছু না বলা হলেও তা প্রকাশ পায় অহংকারী চাহনিতে, তাচ্ছিল্যের হাসিতে, গলার চড়া সুরে কিংবা অবজ্ঞার ভঙ্গিমায় নীরব থাকার মধ্যেও। বস যখন তার কর্মচারীকে হেয় করেন, ধনী যখন গরিবকে হীন মনে করেন, ধার্মিক যখন পাপীকে ঘৃণা করেন, কিংবা কেউ যখন তার বংশ, বুদ্ধি বা জ্ঞানের বড়াই করেন—তখনই এই অহংকার প্রকাশ পায়। এমনকি ধর্মের নামেও এটি হতে পারে, যখন কেউ মনে করেন যে কেবল তাঁর পক্ষেই সত্য সীমাবদ্ধ এবং বাকি সবাই পথভ্রষ্ট। নসিহত, দাওয়াত বা বিতর্কের আড়ালেও কখনো কখনো এই সরল অহংকার লুকিয়ে থাকে।
দুর্বল সৃষ্টি হয়ে মহান স্রষ্টার সিদ্ধান্তকে প্রশ্ন করার কোনো সুযোগ মানুষের নেই। আল্লাহই একমাত্র স্রষ্টা, যিনি রিজিক নির্ধারণ করেন, মানুষকে মর্যাদা দেন কিংবা হীন করেন। তিনি যা ফায়সালা করেন তা হিকমতের ভিত্তিতেই করেন, যা মানুষের সীমিত বুদ্ধি দিয়ে পরিমাপ করা সম্ভব নয়। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘যিনি সৃষ্টি করেছেন, তিনি কি জানেন না? তিনি সূক্ষ্মদর্শী, সম্যক অবগত।’ (সুরা মুলক : ১৪)। অতএব, আল্লাহ যা দিয়েছেন তাতেই কল্যাণ নিহিত রয়েছে, আর যা তিনি দেননি তাতেও রয়েছে বিশেষ রহমত। অনেক সময় বিলম্বে আসা না-পাওয়ার ভেতরেই লুকিয়ে থাকে বিশেষ দয়া ও মুক্তি। তাই মুমিনের উচিত সন্তুষ্টির দাস হওয়া, তুলনার ঘূর্ণাবর্তে বন্দি না হওয়া। নিয়ামতকে অন্যকে হেয় করার সিঁড়ি বানানো চরম ভুল, কারণ যাকে তুচ্ছ করা হচ্ছে সে হয়তো আল্লাহর কাছে অনেক বেশি মর্যাদাবান।
ইসলামে অহংকার পরিহার করে বিনয়ী হওয়ার এক অনন্য আদর্শ স্থাপন করেছেন হজরত ইউসুফ (আ.)। জ্ঞান, চরিত্র ও অনন্য মর্যাদার অধিকারী হওয়া সত্ত্বেও তিনি যখন মিসরের আজিজের সামনে দাঁড়িয়েছিলেন, তখন নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে অন্য কাউকে ছোট করেননি। বরং তিনি অত্যন্ত বিনয়ী আত্মবিশ্বাস নিয়ে দায়িত্বশীলতার সঙ্গে বলেছিলেন, ‘আমাকে দেশের ধনভাণ্ডারের ওপর কর্তৃত্ব প্রদান করুন; আমি তো উত্তম রক্ষক, সুবিজ্ঞ।’ (সুরা ইউসুফ : ৫৫)। তিনি নিজেকে একজন বিশ্বস্ত সেবক হিসেবে উপস্থাপন করেছিলেন, অহংকারী দাবিদার হিসেবে নয়। যে ব্যক্তি নিজের যোগ্যতা দেশ ও জাতির উপকারের জন্য বিনয়ের সঙ্গে পেশ করে, সে মর্যাদা লাভ করে। আর যে অন্যকে হেয় করে নিজেকে বড় দেখাতে চায়, তার পতন অনিবার্য।
সমাজে যখন অহংকার জাঁকিয়ে বসে, তখন পারস্পরিক সহযোগিতার ধারা থমকে যায়, সামাজিক সম্পর্কগুলো ছিন্ন হয়ে পড়ে এবং হিংসা-বিদ্বেষের আগুন জ্বলে ওঠে। অহংকারের ভয়াবহতা সম্পর্কে রাসুলুল্লাহ (সা.) কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘যার অন্তরে সরিষার দানার সমান অহংকারও থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না।’ (মুসলিম : ১৬৮)। মূলত সত্যকে অস্বীকার করা এবং মানুষকে তুচ্ছ মনে করাই হলো অহংকার। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘অহংকারবশে তুমি মানুষকে অবজ্ঞা কর না এবং পৃথিবীতে উদ্ধতভাবে বিচরণ কর না; নিশ্চয়ই আল্লাহ কোন উদ্ধত, অহংকারীকে পছন্দ করেন না।’ (সুরা লুকমান : ১৮)।
আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এক স্তর বিনয়ী হবে, আল্লাহ তার মর্যাদা এক স্তর উঁচু করবেন। আর যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে এক স্তর অহংকার করবে, আল্লাহ তার মর্যাদা এক স্তর নিচু করে দেবেন। শেষ পর্যন্ত তিনি তাকে হীনতাগ্রস্তদের মধ্যে হীনতমে পরিণত করবেন।’ (ইবনে মাজাহ : ৪১৭৬)।
তাই মানুষের মনে যখনই কোনো কারণে অহংকার বা গর্বের উদ্রেক হতে চায়, তখনই স্মরণ করা উচিত যে পার্থিব কোনো নিয়ামতই চিরস্থায়ী নয়। আজ যা হাতের মুঠোয় আছে, কাল তা কেড়ে নেওয়া হতে পারে। অন্যের প্রাচুর্য বা রিজিক দেখে হিংসা না করে সর্বদা বলা উচিত, ‘হে আল্লাহ, তুমি তার জন্য বরকত দাও, আর আমাকে আমার ভাগ্যে সন্তুষ্ট রাখো।’ একই সঙ্গে অন্তরকে অহংকার, আত্মপ্রশংসা, কুধারণা ও লোক দেখানো ইবাদত থেকে মুক্ত রাখতে সর্বদা আল্লাহর কাছে প্রার্থনা করা প্রতিটি মুমিনের অপরিহার্য কর্তব্য।

