ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭৫০ কোটি ডলার

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধে এ পর্যন্ত ৩৭৫০ কোটি ডলার ব্যয় হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। মঙ্গলবার ওয়াশিংটনে কংগ্রেসের এক শুনানিতে তিনি এই তথ্য জানান। ভারী বোমা হামলা পুনরায় শুরুর পর এই প্রথম তিনি আইনপ্রণেতাদের সামনে হাজির হয়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য জরুরি অর্থায়নের আবেদন করেন।

হেগসেথ জানান, এই ৩৭৫০ কোটি ডলারের হিসাবে ইতিমধ্যে হওয়া ব্যয়ের পাশাপাশি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সম্ভাব্য ব্যয়ও অন্তর্ভুক্ত রয়েছে। তবে পেন্টাগন কীভাবে এই হিসাব নির্ধারণ করেছে, তা স্পষ্ট করা হয়নি। এর আগে মার্চ মাসে একটি সূত্র জানিয়েছিল, যুদ্ধের প্রথম ছয় দিনেই ট্রাম্প প্রশাসনের হিসাব অনুযায়ী অন্তত ১১৩০ কোটি ডলার ব্যয় হয়েছিল।

প্রতিরক্ষামন্ত্রী সতর্ক করে বলেন, জরুরি অর্থায়ন না হলে সামরিক বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম সীমিত করতে হবে। তিনি জানান, চলমান যুদ্ধ পেন্টাগনের প্রায় ১ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেটের ওপর বড় চাপ সৃষ্টি করেছে এবং এর প্রভাব সামরিক সদস্যদের বিভিন্ন সুবিধা ও কার্যক্রমেও পড়তে পারে। জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বলেন, সেনাসদস্যদের বেতন-ভাতা দেয়া সম্ভব হলেও রক্ষণাবেক্ষণ ব্যয় এবং ভবিষ্যৎ সামরিক সক্ষমতায় বিনিয়োগে সমস্যা দেখা দিতে পারে। হেগসেথ কংগ্রেসকে শুধু অতিরিক্ত অর্থায়নের আবেদনই নয়, ২০২৭ অর্থবছরের জন্য ১.৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেটও অনুমোদনের আহ্বান জানান। তিনি বলেন, প্রতিরক্ষা বিভাগকে ১.৫ ট্রিলিয়ন ডলারের বাজেট না দেয়াই দেশের জন্য সবচেয়ে বড় হুমকি।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প গত মাসে কংগ্রেসের কাছে প্রায় ৯০০০ কোটি ডলার অতিরিক্ত বরাদ্দ চেয়েছেন, যার বেশিরভাগই ইরান যুদ্ধের জন্য। এতে যুদ্ধ নিয়ে অসন্তুষ্ট আইনপ্রণেতাদের সঙ্গে নতুন করে রাজনৈতিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে সামরিক অভিযান শুরু করার পর থেকে রিপাবলিকান ও ডেমোক্রোট উভয় দলের আইনপ্রণেতারাই অভিযোগ করে আসছেন, ট্রাম্প প্রশাসন যুদ্ধের অগ্রগতি বা ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কংগ্রেসকে যথাযথভাবে অবহিত করছে না।

এদিকে আগামী ছয় মাস পর অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের রিপাবলিকান পার্টি কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেটে তাদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। জনমত জরিপে এগিয়ে থাকা ডেমোক্রেটরা ব্যয়বহুল ও অজনপ্রিয় ইরান যুদ্ধকে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে যুক্ত করে রাজনৈতিক ইস্যুতে পরিণত করার চেষ্টা করছে।

যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর উভয় পক্ষই প্রতিদিন হামলা চালিয়ে যাচ্ছে। সপ্তাহান্তে ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে ১৮ জনে পৌঁছেছে এবং প্রায় ৪৩০ জন সেনা আহত হয়েছে। পেন্টাগনের তথ্যমতে, ৭ জুলাই থেকে আহত হওয়া ১০০ জন সেনাসদস্যের মধ্যে ৯৬ শতাংশ ইতিমধ্যে দায়িত্বে ফিরে গেছেন। ট্রাম্প গত এক সপ্তাহে ইরানের জ্বালানি স্থাপনা, সেতু, খার্গ দ্বীপের তেলকেন্দ্র এবং গভীর ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ হামলা কিংবা স্থলবাহিনী পাঠানোর হুমকি দিয়েছেন। মঙ্গলবার তিনি বলেন, আমরা খুব শিগগিরই ওই পাহাড়ের ভেতরের স্থাপনাটি ধ্বংস করব।