নাটকের দুনিয়ায় তানজিম সাইয়ারা তটিনী এখন এক পরিচিত নাম। নিয়মিত কাজ করার পাশাপাশি নানা ধরনের চরিত্রে নিজেকে ভেঙে নতুন করে উপস্থাপন করছেন তিনি। প্রতিটি নতুন কাজের সঙ্গে দর্শকের প্রত্যাশার পারদও যেন আরও উঁচুতে উঠছে। মোস্তফা কামাল রাজের ‘পথহারা মন’ নাটকের মাধ্যমে তিনি সাম্প্রতিক সময়ে নতুন করে আলোচনায় এসেছেন। নাটকটি এখন অ্যামাজন প্রাইমেও দেখা যাচ্ছে।
তবে আজকের এই জনপ্রিয়তার সময়ে দাঁড়িয়ে সাফল্যের ভিন্ন এক সংজ্ঞা নিজের মনে লালন করেন তটিনী। তার মতে, কোনো নাটকের মিলিয়ন ভিউয়ের চেয়ে গল্প, চরিত্র এবং কাজটি কতটা নিপুণভাবে করা হলো—সেটিই অধিক গুরুত্বপূর্ণ। ইউটিউবের ভিউ সংখ্যা বর্তমানে নাটকের জনপ্রিয়তার মানদণ্ড হয়ে উঠলেও, তটিনী একেই সাফল্যের একমাত্র মাপকাঠি মানতে নারাজ। তিনি মনে করেন, দর্শক কতজন দেখলেন তার চেয়ে বড় বিষয় হলো তারা আসলে কী দেখছেন।
কাজের ক্ষেত্রে তার এই দর্শনের প্রতিফলন স্পষ্ট। ‘পথহারা মন’-এর সাফল্যের পেছনে তটিনী গল্পের গ্রহণযোগ্যতাকেই মূল কারণ হিসেবে দেখছেন। তিনি বলেন, নাটকটির গল্পের সঙ্গে সাধারণ মানুষ নিজেদের মিল খুঁজে পেয়েছেন। একই সঙ্গে দীর্ঘ বিরতির পর জাহিদ হাসানের ফিকশনে ফেরাটাও দর্শকের আগ্রহ বাড়িয়ে দিয়েছে।
পারিবারিক গল্পের নাটক বর্তমানে নিয়মিতই নির্মিত হচ্ছে। ‘তোমাদের গল্প’-এর সাফল্যের পর এ ধরনের কাজের প্রতি দর্শকের আগ্রহ বেড়েছে ঠিকই, কিন্তু তটিনীর মতে, সব গল্পই দর্শক গ্রহণ করবে এমন নয়। তিনি মনে করেন, গল্পকে দর্শকের কাছে কীভাবে উপস্থাপন করা হচ্ছে সেটাই আসল, আর এখানেই একজন নির্মাতার নিজস্বতা গুরুত্বপূর্ণ। রাজের কাজের ক্ষেত্রে সেই নিজস্ব প্যাটার্নই দর্শকের সঙ্গে সংযোগ তৈরি করে বলে তিনি বিশ্বাস করেন।
তটিনীর নিজের ক্যারিয়ারেও গল্প ও চরিত্রের গুরুত্ব অপরিসীম। ‘তোমাদের গল্প’-এর শালু চরিত্রটিকে তিনি তার অভিনয়জীবনের অন্যতম মাইলস্টোন মনে করেন। এছাড়া ‘সুহাসিনী’র আলো, ‘হৃদয়ের গভীরে’র রাহা, ‘সময় সব জানে’র ইরা এবং ‘কাজল চোখের মেয়ে’র কাজল—এই পাঁচটি চরিত্র তাকে বিশেষভাবে শিখিয়েছে এবং নতুন অভিজ্ঞতা দিয়েছে। জনপ্রিয়তার হিসাবের বাইরে চরিত্রের ভেতর দিয়ে একজন অভিনেত্রী হিসেবে বেড়ে ওঠাকেই তিনি বেশি মূল্যবান মনে করেন।
নাটকের পাশাপাশি বড় পর্দাতেও তাকে দেখা গেছে ‘জয়া আর শারমিন’ সিনেমায় একটি ছোট চরিত্রে। তবে সিনেমায় নিয়মিত হওয়ার বিষয়ে তিনি তাড়াহুড়ো করতে চান না। একাধিক প্রস্তাব পেলেও সেগুলোর কোনোটিই তাকে যথেষ্ট আকৃষ্ট করেনি। বড় পর্দায় পা রাখার ক্ষেত্রে তিনি গল্প ও চরিত্রকে সর্বোচ্চ গুরুত্ব দিতে চান। তিনি এমন একটি চরিত্রের অপেক্ষায় আছেন, যা দর্শকের মনে তার জন্য তৈরি হওয়া প্রত্যাশাকে আরও বাড়িয়ে দেবে।
তটিনী স্পষ্ট করেছেন, জনপ্রিয়তা তাকে ব্যস্ত করেছে এবং দর্শকের ভালোবাসা তাকে পরিচিতি দিয়েছে ঠিকই, কিন্তু জনপ্রিয়তার পেছনে ছুটে নিজের কাজের মানের সঙ্গে আপস করতে তিনি রাজি নন। ভিউ আসবে, জুটি তৈরি হবে, নতুন প্ল্যাটফর্মে কাজ হবে—এসবই ক্যারিয়ারের অংশ। তবে দিনশেষে দর্শকের মনে গল্প ও চরিত্রই টিকে থাকে, আর তিনি সেখানেই নিজের জায়গাটি পাকাপোক্ত করতে চান।

