কেপ ভার্দেতে বাস খাদে পড়ে অন্তত ২৫ শিক্ষার্থীর মৃত্যু

আটলান্টিক মহাসাগরের পশ্চিম উপকূলের দেশ কেপ ভার্দের ফোগো দ্বীপে একটি মর্মান্তিক বাস দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। রোববার (৬ সেপ্টেম্বর) দেশটির জাতীয় সংবাদ সংস্থা ইনফোরপ্রেস এই তথ্য নিশ্চিত করেছে।

দুর্ঘটনাটি ঘটে শনিবার (৫ সেপ্টেম্বর) গভীর রাতে ফোগোর উত্তরাঞ্চলের একটি পাহাড়ি সড়কে। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়ক থেকে ছিটকে প্রায় ৩০ মিটার গভীর একটি খাড়া খাদে পড়ে যায়। বাসে থাকা যাত্রীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।

শিক্ষা কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, এই ভ্রমণের আয়োজন কোনো স্কুল কর্তৃপক্ষ করেনি। বরং বাসচালক নিজ উদ্যোগে প্রতিবছর এমন ভ্রমণের আয়োজন করতেন। দুর্ভাগ্যবশত, দুর্ঘটনায় ওই চালক নিজেও প্রাণ হারিয়েছেন।

আহতদের উদ্ধার করে ফোগোর সাও ফ্রান্সিসকো দে আসিস আঞ্চলিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি, তবে ঘটনাস্থলে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে।