সাতক্ষীরার শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলার অভিযোগে জাহাঙ্গীর গাজী (৩০) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা সংলগ্ন খোলপেটুয়া নদী থেকে বালু তোলার সময় তাকে ট্রলারসহ আটক করা হয়।
আটক জাহাঙ্গীর গাজী শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের মৃত সাত্তার গাজীর ছেলে। নীলডুমুর ১৭ বিজিবির সদস্যরা খোলপেটুয়া নদীতে অভিযান চালিয়ে হাতেনাতে ট্রলারসহ তাকে আটক করেন। এরপর তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদ হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তকে এই অর্থদণ্ড প্রদান করেন। তিনি জানান, অবৈধ উপায়ে নদী থেকে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান চালিয়ে জড়িত ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তি তার অপরাধ স্বীকার করার পর বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী তাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

