যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সামরিক উত্তেজনা আবারও চরম আকার ধারণ করেছে। প্রায় এক মাসের আপেক্ষিক স্থিতিশীলতার পর শনিবার দুই দেশ সমুদ্রপথে একে অপরের সংশ্লিষ্ট জাহাজে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মার্কিন সামরিক বাহিনী ইরানের সঙ্গে সম্পর্কিত তিনটি তেলবাহী ট্যাংকারে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। এর মধ্যে ওমান উপসাগরে থাকা একটি জাহাজ সম্পূর্ণ ধ্বংস এবং খার্গ দ্বীপের নিকটবর্তী অপর দুটি ট্যাংকারকে অকার্যকর করার দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তাদের লক্ষ্য ছিল দুটি মার্কিন যুদ্ধজাহাজ—একটি বিমানবাহী রণতরী ও একটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার। তবে মার্কিন বাহিনীর দাবি, ইরানি হামলা ব্যর্থ হয়েছে এবং এতে কোনো সেনা হতাহত হয়নি। ওয়াশিংটনের ভাষ্যমতে, হামলার শিকার ইরান-সংশ্লিষ্ট ট্যাংকারগুলো আইআরজিসি ও তাদের মিত্রদের বহু বিলিয়ন ডলারের ছায়া নেটওয়ার্কের অর্থায়নে পরিচালিত হয়।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরিব মার্কিন হামলার খবর নিশ্চিত করেছে। এর কয়েক ঘণ্টা পর ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) পাল্টা জবাব হিসেবে মার্কিন-সংশ্লিষ্ট তিনটি জাহাজ এবং হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী আরও তিনটি তেলবাহী ট্যাংকারে হামলার দাবি করে। আইআরজিসির দাবি, এসব ট্যাংকার হরমুজ প্রণালিতে অননুমোদিত রুট ব্যবহার করছিল। ভবিষ্যতে এই রুট ব্যবহারে অন্য জাহাজগুলোকেও তারা সতর্ক করেছে।
ইরিবের তথ্যমতে, খার্গ দ্বীপে মার্কিন হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে ওমান উপসাগরে আক্রান্ত অন্য দুটি ট্যাংকারের ক্রুদের লাইফবোটে উদ্ধার করা হয়েছে। এর আগে গত রোববার মার্কিন বাহিনী হরমুজ প্রণালিতে রকেট লঞ্চার ধ্বংসের অভিযান চালায়। শনিবারের সংঘাতের আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ হুমকি দিয়েছিলেন যে, ইরান মার্কিন জাহাজে হামলা চালালে তাদের তেলবাহী ট্যাংকার ডুবিয়ে দেওয়া হবে। অন্যদিকে, দক্ষিণ ইরানে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় দুই শিশুসহ চারজন নিহত হওয়ার অভিযোগ তুলেছে তেহরান, যা নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সংশয় প্রকাশ করে তদন্তের আশ্বাস দিয়েছেন। হরমুজ প্রণালি বর্তমানে কার্যত বন্ধ থাকায় এই নতুন অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলার আশঙ্কা তৈরি করেছে।

