সাভারে অটোরিকশাচালককে বাঁচাতে গিয়ে পিটুনিতে এসআই নিহত

ঢাকার সাভারের আমিনবাজার এলাকায় অটোরিকশাচালককে মারধরের প্রতিবাদ করতে গিয়ে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এক উপপরিদর্শক (এসআই) প্রাণ হারিয়েছেন। নিহত আলতাফ হোসেনের বয়স হয়েছিল ৫৮ বছর। এই হামলায় তার ছেলে আরিফুল ইসলামও (২৬) গুরুতর আহত হয়েছেন। শনিবার দিবাগত রাতে আমিনবাজারের বরদেশী মদিনা সিটি এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত আলতাফ সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামের প্রয়াত জুরাইন আলী শেখের ছেলে। তিনি সপরিবারে আমিনবাজারের বড়দেশি মদিনা সিটি এলাকায় ভাড়া থাকতেন। পাশাপাশি ওই এলাকায় নিজের ৫ শতাংশ জমিতে টিনশেডের একটি কারখানায় মিনি গার্মেন্টস পরিচালনা করতেন তিনি।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, রাত ১১টার দিকে কারখানা থেকে বাসায় ফেরার পথে আলতাফ হোসেন দেখেন কয়েকজন যুবক এক বৃদ্ধ অটোরিকশাচালককে মারধর করছেন। তিনি ঘটনার প্রতিবাদ জানালে যুবকরা তার ওপর চড়াও হয়। প্রাণ বাঁচাতে তিনি নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে দৌড়ে নিজের কারখানার ভেতরে আশ্রয় নেন। কিন্তু আক্রমণকারীরা ক্ষান্ত হয়নি; তারা আরও ১৫-২০ জনকে ডেকে আনে এবং কারখানায় হামলা চালায়।

হামলাকারীরা কারখানার ভেতরে ঢুকে মেশিন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসপত্র ভাঙচুর করে এবং আলতাফ ও তার ছেলে আরিফুলকে বেধড়ক মারধর করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত আরিফুল ইসলাম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশি তদন্ত শুরু হয়েছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলে তিনি জানিয়েছেন।