রাষ্ট্রপতির আদেশে এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী ২০ কর্মকর্তার বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা বাতিল করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা ক্ষমা চেয়ে আবেদন করলে রাষ্ট্রপতি তা মঞ্জুর করেন এবং তাঁদের দণ্ডাদেশ বাতিলের নির্দেশ দেন। এই সিদ্ধান্তের প্রেক্ষিতে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) ইতিমধ্যে প্রজ্ঞাপন জারি করেছে।

শাস্তি মওকুফ হওয়া কর্মকর্তাদের তালিকায় রয়েছেন কমিশনার (চলতি দায়িত্বে) জাকির হোসেন, অতিরিক্ত কর কমিশনার হাছান তারেক রিকাবদার, মির্জা আশিক রানা, চাঁদ সুলতানা চৌধুরানী, সুলতানা হাবীব, মুরাদ আহমেদ, সিফাত ই মরিয়ন, আ আ আমীমুল ইহসান ও সাধন কুমার কুণ্ডু। এছাড়াও রয়েছেন যুগ্ম কর কমিশনার মোনালিসা শাহরীন, মামুন মিয়া, মাসুমা খাতুন, মোরশেদ উদ্দীন খান, সানোয়ারুল কবির এবং উপ কর কমিশনার জিল্লুর রহমান, ইমাম তৌহিদ হোসেন, সাইদুল ইসলাম, শাহাদাৎ জামিল। তালিকায় থাকা বাকি দুইজন হলেন রাজস্ব কর্মকর্তা সবুজ মিয়া ও শফিউল বশর।

গত বছরের মে মাসে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ জারির প্রতিবাদে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা প্রায় দেড় মাসব্যাপী আন্দোলন করেন। জুন মাসের শেষ দিকে এই আন্দোলনের জেরে দেশের সব শুল্ক-কর কার্যালয়ে কার্যক্রম বন্ধ হয়ে যায়, যা এনবিআরের ইতিহাসে নজিরবিহীন ছিল। ওই সময় আন্দোলনকারীরা প্রকাশ্যে বদলির আদেশ ছিঁড়ে ফেলেন, যা সরকারি কর্মচারী আচরণ বিধিমালার ১৯৭৯ সালের ৩০এ ধারার লঙ্ঘন এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী ‘অসদাচরণ’ হিসেবে গণ্য হয়।

পরবর্তীতে বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত ও বেতন গ্রেড অবনমনসহ বিভিন্ন ধরনের শাস্তি প্রদান করা হয়েছিল। ব্যবসায়ীদের মধ্যস্থতায় আন্দোলন স্থগিত হলেও শাস্তিমূলক ব্যবস্থাগুলো বহাল ছিল। বর্তমানে রাষ্ট্রপতির বিশেষ আদেশে সেই দণ্ডাদেশগুলো বাতিল করা হলো।