সালমান শাহর মৃত্যুর ৩০ বছর: তিন দশকেও খোলেনি মৃত্যুরহস্যের জট

ঢালিউডের তুমুল জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ৩০ বছর পূর্ণ হলো আজ। দীর্ঘ এই তিন দশকেও তাঁর মৃত্যুরহস্যের জট খোলেনি। সালমান শাহর মৃত্যুর দীর্ঘ ২৯ বছর পর অবশেষে একটি হত্যা মামলা দায়ের করা হয়, যা বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তদন্তাধীন রয়েছে। তবে এই হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ এখন পর্যন্ত ৯ বার পিছিয়েছে। আগামী ২৯ সেপ্টেম্বর মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ ধার্য রয়েছে। দীর্ঘ ৩০ বছর ধরে ছেলের হত্যার বিচারের আশায় দিন গুনছেন সালমান শাহর মা নীলা চৌধুরী।

ঢাকার চলচ্চিত্রে মাত্র চার বছরের অভিনয়জীবনে কোটি কোটি দর্শকের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন সালমান শাহ। তাঁর পারিবারিক নাম শহীদ চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জ উপজেলায় তাঁর জন্ম হয়। বাবা কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরীর বড় ছেলে ছিলেন তিনি। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে এই জনপ্রিয় নায়কের মৃত্যু হয়। তিনি আত্মহত্যা করেছিলেন নাকি তাঁকে হত্যা করা হয়েছিল—এই প্রশ্নের মীমাংসা গত ৩০ বছরেও করা সম্ভব হয়নি।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর নিউ ইস্কাটন রোডের ইস্কাটন প্লাজার একটি ফ্ল্যাটে সালমান শাহকে অচেতন অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে তাঁকে হলি ফ্যামিলি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। সালমান শাহর পরিবারের পক্ষ থেকে শুরু থেকেই দাবি করা হয়, এটি আত্মহত্যা নয় বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার পর প্রথমে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছিল। সালমান শাহর মা নীলা চৌধুরীর ভাষ্য অনুযায়ী, তাঁরা হত্যা মামলা করতে চাইলেও পুলিশ অপমৃত্যুর মামলা করার পরামর্শ দেয় এবং আশ্বাস দেয় যে তদন্তে হত্যাকাণ্ডের প্রমাণ মিললে তা স্বয়ংক্রিয়ভাবে হত্যা মামলায় রূপান্তরিত হবে।

এরপর শুরু হয় এক দীর্ঘ আইনি লড়াই। ১৯৯৭ সালের ২৪ জুলাই সালমান শাহর বাবা আদালতে অপমৃত্যুর মামলাটিকে হত্যা মামলায় রূপান্তরের আবেদন জানান, কিন্তু তা গৃহীত হয়নি। একই বছরের ৩ নভেম্বর সিআইডি চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে জানায় যে সালমান শাহ আত্মহত্যা করেছেন। এই প্রতিবেদনের বিরুদ্ধে সালমান শাহর বাবা আদালতে রিভিশন আবেদন করেন। পরবর্তীতে ২০০৩ সালে মামলাটি বিচার বিভাগীয় তদন্তে পাঠানো হয়। দীর্ঘ সময় পর ২০১৪ সালে দাখিল করা বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনেও সালমান শাহর মৃত্যুকে অপমৃত্যু হিসেবে উল্লেখ করা হয়।

সালমান শাহর পরিবার এই প্রতিবেদনও প্রত্যাখ্যান করে। ২০১৫ সালে মা নীলা চৌধুরী এই প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে রিভিশন আবেদন করেন। এর প্রেক্ষিতে ২০১৬ সালে আদালত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন। ২০২০ সালের ফেব্রুয়ারিতে পিবিআই তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। সেখানে বলা হয়, সালমান শাহকে হত্যা করা হয়নি, বরং পাঁচটি পারিবারিক ও ব্যক্তিগত কারণে তিনি আত্মহত্যা করেছিলেন। পিবিআইয়ের এই প্রতিবেদনের বিরুদ্ধেও সালমান শাহর পরিবারের পক্ষ থেকে রিভিশন আবেদন করা হয়।

পরবর্তী সময়ে আদালত এই রিভিশন আবেদন মঞ্জুর করেন এবং সালমান শাহর মৃত্যুর ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের নির্দেশ দেন। আদালতের নির্দেশনার পর গত বছরের অক্টোবরে সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তাঁর ভাই আলমগীর কুমকুম বাদী হয়ে রাজধানীর রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক এবং খলচরিত্রের অভিনেতা আশরাফুল হক ওরফে ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়। মামলার অন্য আসামিরা হলেন সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদ। বর্তমানে মামলাটির তদন্ত করছেন সিআইডির ঢাকা মহানগর দক্ষিণের পরিদর্শক মজিবুর রহমান।

এই হত্যা মামলায় গত ৯ আগস্ট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অন্যতম আসামি অভিনেতা ডনকে গ্রেপ্তার করা হয়। আদালত সেদিনই তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং ১২ আগস্ট তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন। মামলার জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তা ডনের সাত দিনের রিমান্ড আবেদন করলে গত ২৭ আগস্ট আদালত তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ডনের আইনজীবী ফরিদুল ইসলাম অবশ্য দাবি করেছেন, এ পর্যন্ত যতগুলো তদন্ত প্রতিবেদন এসেছে, সব কটিতেই সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যা বলা হয়েছে এবং তাঁর মক্কেল ডন এই ঘটনার সঙ্গে জড়িত নন। তাঁরা জামিনের জন্য উচ্চ আদালতে আবেদন করবেন বলে জানান।

অন্যদিকে বাদীপক্ষের আইনজীবী আবিদ হাসান জানান, আদালত সার্বিক বিষয় বিবেচনা করেই হত্যা মামলার নির্দেশ দিয়েছেন। তিনি আরও উল্লেখ করেন, এই মামলার অন্যতম আসামি রেজভি ১৯৯৭ সালে একটি অপহরণ মামলায় গ্রেপ্তার হয়ে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। সেই জবানবন্দিতে রেজভি সালমান শাহকে হত্যার কথা এবং নিজের জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছিলেন। ওই অপহরণ মামলায় রেজভির দুই বছরের কারাদণ্ড হলেও তিনি বর্তমানে পলাতক রয়েছেন। ডন গ্রেপ্তার হওয়ার পর আদালতে রেজভির এই জবানবন্দির বিষয়টি পুনরায় তুলে ধরা হয়।

এদিকে রিমান্ড মঞ্জুর হওয়া সত্ত্বেও সিআইডি এখনো ডনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেনি বলে জানা গেছে, যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সালমান শাহর মা নীলা চৌধুরী। এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান, মামলায় এখন পর্যন্ত একজন আসামি গ্রেপ্তার হয়েছেন এবং তাঁর রিমান্ড মঞ্জুর হয়েছে। তবে ফোর্সের প্রাপ্যতা ও নিরাপত্তার বিষয়সহ সার্বিক দিক বিবেচনা করে তাঁকে রিমান্ডে নেওয়া হবে। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী আশা প্রকাশ করে বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমেই মামলার তদন্ত এগিয়ে যাবে এবং এই ঘটনার সুষ্ঠু ও ন্যায়বিচার নিশ্চিত হবে।

ছেলের মৃত্যুর ৩০ বছর পূর্তিতে মা নীলা চৌধুরী মুঠোফোনে জানান, তাঁর ছেলে আত্মহত্যা করতে পারে না, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তাই প্রতি বছর ৬ সেপ্টেম্বর দিনটিকে তিনি ‘সালমান শাহ হত্যা দিবস’ হিসেবে পালন করেন। মামলায় এখন পর্যন্ত মাত্র একজন আসামি গ্রেপ্তার হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি অবিলম্বে প্রধান আসামিদের গ্রেপ্তারের দাবি জানান। দীর্ঘ ৩০ বছর ধরে বিচারের আশায় পথ চেয়ে থাকা নীলা চৌধুরী চান এই হত্যা মামলার দ্রুত বিচার সম্পন্ন হোক এবং আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হোক।

এর বিরুদ্ধে সালমান শাহর পরিবারের পক্ষ থেকে ‘রিভিশন’ আবেদন করা হয়।২০২৫ সালের অক্টোবরে এই ‘রিভিশন’ আবেদন মঞ্জুর করেন আদালত।