প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ এএম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে, ইরান নিয়ন্ত্রিত অত্যন্ত সুরক্ষিত সামরিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ এলাকায় খুব দ্রুতই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। শুক্রবার স্থানীয় সময় ৪ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে তিনি এই সামরিক পদক্ষেপের কথা জানান।
আরব নিউজের একটি প্রতিবেদন অনুযায়ী, ইরানের নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের কাছাকাছি অবস্থিত পিকঅ্যাক্স মাউন্টেন একটি অত্যন্ত সুরক্ষিত এলাকা। সেখানে মাটির গভীরে দুটি সুড়ঙ্গ কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে।
ইরানের সঙ্গে চলমান উত্তেজনার বিষয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের জন্য এই যুদ্ধ ‘ছোটখাটো বিষয়’। এর একদিন আগে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মন্তব্য করেছিলেন যে, তিনি এই সংঘাতকে ‘যুদ্ধ’ বলতে রাজি নন। ভ্যান্সের সেই মন্তব্যের প্রেক্ষিতে ট্রাম্প সাংবাদিকদের বলেন, অনেকেই এটিকে যুদ্ধ বলেন না। তিনি এটিকে সামরিক সংঘাত হিসেবে অভিহিত করে বলেন, এটি আমাদের জন্য বড় কোনো বিষয় নয়; যেমনটি আমরা ভেনেজুয়েলার ক্ষেত্রে দেখেছি।
এমন পরিস্থিতিতে ইরান বড় ধরনের সামরিক অভিযানের মুখেও নিজেদের অবস্থান পরিবর্তন করতে অস্বীকৃতি জানাচ্ছে। ট্রাম্প প্রশাসন একই সঙ্গে অর্থনৈতিক চাপ প্রয়োগ এবং সামরিক হামলার হুমকির কৌশল অবলম্বন করছে। তবে সংঘাত শুরুর পর থেকে ট্রাম্প কয়েকবার আলোচনায় অগ্রগতির কথা জানিয়েছেন এবং বিশ্ববাজারে অস্থিরতা দেখা দিলে শেষ মুহূর্তে সামরিক পদক্ষেপের হুমকি থেকে সরে এসেছেন।
কার্নেগি এনডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের বিশেষজ্ঞ অ্যারন ডেভিড মিলারের মতে, ট্রাম্প প্রশাসন দুটি বিষয় এড়িয়ে চলার চেষ্টা করছে—ইরানের ওপর বড় ধরনের বোমাবর্ষণে ফিরে যাওয়া এবং হরমুজ প্রণালি নিয়ে তেহরানকে বড় ধরনের ছাড় দেওয়া। মিলার বলেন, হোয়াইট হাউস বড় ধরনের যুদ্ধ চায় না, আবার ছাড় দেওয়ার ধারণাও তৈরি করতে চায় না। তারা যে কৌশল গ্রহণ করেছে, তাতে এই দুটিই এড়িয়ে চলা সম্ভব হচ্ছে।

