রংপুরের মিঠাপুকুর উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর রাসায়নিক ও চিনি ব্যবহার করে ভেজাল গুড় তৈরির অভিযোগে একটি কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শুকুরের হাট পশ্চিম গেনারপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।
মিঠাপুকুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশিক জামানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে কারখানার মালিক মোরছালিন রহমান ছোটনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট মো. আশিক জামান জানান, আখ ছাড়াই চিনির রস ও পচা মিষ্টির শিরা ব্যবহার করে অত্যন্ত বিপজ্জনক রাসায়নিক মিশিয়ে এই গুড় তৈরি করা হচ্ছিল। এসব রাসায়নিক লিভার ও কিডনিসহ মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের ভেজালবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
অভিযানের সময় কারখানায় মজুদ থাকা বিপুল পরিমাণ পচা মিষ্টির শিরা, টেক্সটাইল ডাই, সিঁদুর, চুনসহ অন্যান্য ক্ষতিকর উৎপাদনসামগ্রী ও প্রক্রিয়াজাত ভেজাল গুড় ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে আখ ছাড়াই নোংরা পরিবেশে এসব ক্ষতিকর উপাদান দিয়ে তথাকথিত আখের গুড় তৈরি করে আসছিল কারখানাটি।
অভিযানকালে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, রংপুরের প্রতিনিধি, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

