নিহত তিন মার্কিন সেনার স্মরণে ইরানে কঠোর হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র

নিহত তিন মার্কিন সেনাসদস্যের স্মরণে ইরানের ওপর কঠোর সামরিক হামলা চালানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বকাপ ফাইনাল শেষে ওয়াশিংটনে ফেরার পর সাংবাদিকদের তিনি জানান, আজ রাতে আবারো ইরানের ওপর কঠোর আঘাত হানা হয়েছে এবং এই অভিযানটি তিনজন মহান দেশপ্রেমিক সেনাসদস্যের সম্মানেই চালানো হচ্ছে।

নিহত সেনাসদস্যদের মৃত্যুতে গভীর শোক ও মর্মাহত হওয়ার কথা জানিয়ে ট্রাম্প বলেন, তারা এমন একটি লক্ষ্য নিয়ে দায়িত্ব পালন করছিলেন যাতে ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না পারে।

এদিকে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী টানা নবম রাতের মতো ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা অব্যাহত রেখেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, এই অভিযানের আওতায় ইরানের সামরিক কমান্ড সেন্টার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি কেন্দ্র, নৌ সক্ষমতা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র এবং যোগাযোগ নেটওয়ার্ককে লক্ষ্যবস্তু করা হয়েছে।