দাম্পত্য জীবনের শুরুটা সহজ হলেও একে বছরের পর বছর সুন্দর রাখা মোটেই সহজ কাজ নয়। এর জন্য প্রয়োজন ধৈর্য, আন্তরিকতা, ত্যাগ এবং প্রজ্ঞা। স্বামী-স্ত্রীর মধ্যে বোঝাপড়া না থাকলে সম্পর্কের অবনতি ঘটে, যা অনেক সময় বিচ্ছেদ পর্যন্ত গড়ায়। তবে প্রতিদিনের কিছু সহজ অভ্যাসের চর্চা ভালোবাসা ও বিশ্বাসকে গভীর করে তোলে।
স্ত্রীর ভুল হলে অপমান না করে ভালোবাসা দিয়ে সংশোধন করা উচিত। তাঁকে অনুভব করাতে হবে যে তিনিই আপনার সবচেয়ে আপন মানুষ। সামর্থ্য অনুযায়ী পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করা যত্নেরই অংশ, যেখানে কার্পণ্য করা উচিত নয়। নবীজি (সা.) বলেছেন, সওয়াবের আশায় কোনো মুসলিম যখন তার পরিবারের জন্য ব্যয় করে, তা তার জন্য সদকা হিসেবে গণ্য হয় (সহিহ বুখারি, হাদিস: ৫৩৫১)।
পরিবারের জন্য পরিপাটি ও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা সম্পর্কের গভীরতা বাড়ায়। ইবনে আব্বাস (রা.) বলেছেন, আমি আমার স্ত্রীর জন্য এমনই পরিপাটি থাকতে পছন্দ করি, যেমন আমি তার কাছ থেকে সাজগোজ পছন্দ করি (মুসান্নাফ ইবনে আবি শাইবাহ, হাদিস: ১৯২৬৩)। এছাড়া ঘরের কাজে সহযোগিতা করা এবং স্ত্রীর ছোট ছোট কাজের আন্তরিক প্রশংসা করা গুরুত্বপূর্ণ। আয়েশা (রা.) বলেন, নবীজি প্রায়ই খাদিজা (রা.)–এর প্রশংসা করতেন (সহিহ বুখারি, হাদিস: ৫২২৯)।
দাম্পত্য জীবনে মতবিরোধ হতে পারে, কিন্তু গায়ের ওপর হাত তোলা কখনোই গ্রহণযোগ্য নয়। নবীজি (সা.) বলেছেন, তোমরা কেউ যেন নিজের স্ত্রীকে দাসের মতো প্রহার না করো। দিনের শেষে তো তার সঙ্গেই মিলিত হবে (সহিহ বুখারি, হাদিস: ৫২০৪)। এছাড়া খারাপ নামে ডাকা, অশালীন ভাষা ব্যবহার বা স্ত্রীকে অন্য কারও সঙ্গে তুলনা করা থেকে বিরত থাকা উচিত।
দাম্পত্য জীবনে হালকা ও হাস্যোজ্জ্বল সময় কাটানোকে ইসলাম গুরুত্ব দেয়। আয়েশা (রা.)–এর সঙ্গে নবীজির দৌড় প্রতিযোগিতার ঘটনাটি এর উজ্জ্বল দৃষ্টান্ত (সুনানে আবু দাউদ, হাদিস: ২৫৭৮)। নবীজি (সা.) বলেছেন, মানুষের অধিকাংশ বিনোদনমূলক কাজই অনর্থক, তবে তিনটি বিষয় ছাড়া—তিরন্দাজি, ঘোড়া প্রশিক্ষণ আর স্ত্রীর সঙ্গে খেলা (সুনানে তিরমিজি, হাদিস: ১৬৩৭)।
রাগের মাথায় সিদ্ধান্ত নেওয়া সারা জীবনের অনুশোচনার কারণ হতে পারে। নবীজি (সা.) বলেছেন, শক্তিশালী সে নয় যে কুস্তিতে অন্যকে পরাজিত করে, বরং শক্তিশালী সে-ই যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে (সহিহ বুখারি, হাদিস: ৬১১৪)। পারস্পরিক শ্রদ্ধা, দায়িত্ববোধ, ক্ষমাশীলতা ও আল্লাহভীতির মাধ্যমেই একটি সুন্দর সংসার গড়ে ওঠে।

