মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়িয়ে জর্ডানের আকাবা বিমানবন্দরে থাকা মার্কিন সামরিক উড়োজাহাজ লক্ষ্য করে অতর্কিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) কর্তৃক প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, এই হামলায় মার্কিন সি-১৭ পরিবহন বিমান এবং পি-৮ নজরদারি উড়োজাহাজ লক্ষ্যবস্তু করা হয়েছে, যার ফলে বেশ কয়েকটি উড়োজাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া জর্ডানের মুওয়াফফাক সালতি বা আল-আজরাক বিমানঘাঁটিতে মার্কিন বাহিনীর ব্যবহৃত ২০টি হ্যাঙ্গার ধ্বংস করার দাবিও করেছে ইরান।
একই সময়ে পশ্চিম ইরানের কেরমানশাহ প্রদেশের ইসলামাবাদ-ই-গার্ব এলাকার আকাশে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক ‘এমকিউ-৯’ ড্রোন শনাক্ত করে ভূপাতিত করা হয়েছে। ইরানের আধা-সরকারি মেহর নিউজ এজেন্সির দাবি, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স এবং সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের সহায়তায় ড্রোনটি ধ্বংস করা সম্ভব হয়েছে।
অন্যদিকে ইরাকে ইরানের হামলায় এক মার্কিন সেনা নিহত হয়েছেন এবং এই ঘটনায় আরও একজন আহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, একটি ইরানি ড্রোনের অবিস্ফোরিত বিস্ফোরক নিরাপদে নিষ্ক্রিয় করার (নিয়ন্ত্রিত বিস্ফোরণ) সময় ওই সেনা নিহত হন। এছাড়া গত শুক্রবার জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরান যে স্থানে হামলা চালিয়েছিল, সেখানে তল্লাশি চালিয়ে ‘অজ্ঞাত ব্যক্তির মানবদেহের অবশিষ্টাংশ’ পাওয়ার কথাও জানিয়েছে সেন্টকম। তার পরিচয় নিশ্চিত করতে বর্তমানে পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে জানানো হয়েছে।

