চূড়ান্ত হলো নারী এশিয়া কাপের সূচি, একই গ্রুপে ভারত-পাকিস্তান

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) নারী এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি চূড়ান্ত করেছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ২৮ আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে।

টুর্নামেন্টের গ্রুপ বিন্যাসে ‘এ’ গ্রুপে রাখা হয়েছে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও হংকংকে। অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আরব আমিরাত ও ইন্দোনেশিয়া।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ২৮ আগস্ট থাইল্যান্ড মুখোমুখি হবে হংকংয়ের। পরদিন ২৯ আগস্ট শ্রীলঙ্কা খেলবে স্বাগতিক আরব আমিরাতের বিপক্ষে। ৩০ আগস্ট ভারত লড়বে থাইল্যান্ডের বিপক্ষে। ৩১ আগস্ট বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে। একই দিনে পাকিস্তান ও থাইল্যান্ডের ম্যাচ রয়েছে। ২ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার প্রতিপক্ষ শ্রীলঙ্কা এবং ৩ সেপ্টেম্বর ভারত লড়বে হংকংয়ের বিপক্ষে। ৪ সেপ্টেম্বর ইন্দোনেশিয়া আরব আমিরাতের মোকাবিলা করবে।

ক্রিকেটপ্রেমীদের নজর কাড়া হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে ৫ সেপ্টেম্বর। এরপর ৬ সেপ্টেম্বর সাবেক চ্যাম্পিয়ন বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার। গ্রুপ পর্বের শেষ দিকে ৭ সেপ্টেম্বর পাকিস্তান খেলবে হংকংয়ের বিপক্ষে এবং ৯ সেপ্টেম্বর বাংলাদেশ তাদের শেষ ম্যাচে আরব আমিরাতের মুখোমুখি হবে।

টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ১০ ও ১১ সেপ্টেম্বর, যেখানে প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল অংশ নেবে। সবশেষে ১৩ সেপ্টেম্বর ফাইনাল ম্যাচের মাধ্যমে টুর্নামেন্টের পর্দা নামবে।