ফুটবল মাঠে খেলোয়াড়দের শৃঙ্খলাভঙ্গের দায়ে প্রচলিত হলুদ ও লাল কার্ড দেখানোর নিয়মে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। কাগজ বা প্লাস্টিকের কার্ডের বদলে এবার মোবাইলসদৃশ একটি ইলেকট্রনিক যন্ত্রের মাধ্যমে শাস্তিমূলক সিদ্ধান্ত প্রদর্শনের পরীক্ষামূলক ব্যবহার শুরু করেছে উরুগুয়ে ফুটবল।
চলতি সপ্তাহের শুরুর দিকে উরুগুয়ে কাপে নাসিওনাল ও রেনতিস্তাসের মধ্যকার ম্যাচে নতুন এই প্রযুক্তির প্রথম দৃশ্যমান প্রয়োগ দেখা যায়। ওই ম্যাচে দায়িত্ব পালনকারী রেফারি এদুয়ার্দো ভারেলা যন্ত্রটির ডিজিটাল পর্দায় হলুদ কার্ড প্রদর্শন করে খেলোয়াড়কে সতর্ক করেন। মাঠে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া সহজ করা এবং সব তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করাই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য।
এই নতুন ইলেকট্রনিক যন্ত্রটি কেবল কার্ডের রংই দেখায় না, বরং সিদ্ধান্ত নেওয়ার সময়ও স্বয়ংক্রিয়ভাবে নথিভুক্ত করে রাখে। ফলে ম্যাচ শেষ হওয়ার পর আনুষ্ঠানিক প্রতিবেদন জমা দেওয়ার কাজ রেফারিদের জন্য আগের চেয়ে সহজ হবে বলে আশা করছেন নির্মাতারা। প্রকল্পটির পেছনে রয়েছে 'রেফে' নামের একটি প্রতিষ্ঠান, যার পরিচালক মাউরো সাকো জানান, ফুটবলের একটি সনাতন কাজকে প্রযুক্তির আওতায় আনার লক্ষ্যেই তাঁরা কাজ করছেন। তিন বছরেরও বেশি সময় আগে বৃষ্টির মধ্যে একটি ম্যাচ দেখতে গিয়ে এই ধারণাটি তাঁর মাথায় আসে, যেখানে রেফারিকে কার্ড দেখানোর পর সেই সিদ্ধান্ত আলাদাভাবে ডিজিটালি নথিভুক্ত করতে হচ্ছিল।
তবে মাঠ পর্যায়ের প্রথমিক ব্যবহারে কিছু সীমাবদ্ধতাও দেখা গেছে। বিশেষ করে কড়া সূর্যের আলোয় যন্ত্রটির স্ক্রিন স্পষ্ট দেখা না যাওয়ায় স্টেডিয়ামের দর্শক ও টেলিভিশনে খেলা দেখা সমর্থকদের পক্ষে সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে বোঝা কিছুটা কঠিন হয়ে পড়ে। নির্মাতারা এখন যন্ত্রটির দৃশ্যায়মানতা বাড়ানোর উদ্যোগ নিচ্ছেন, যাতে এটি দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল) ও ফিফার আনুষ্ঠানিক অনুমোদন পেতে পারে। প্রচলিত কার্ডের স্থায়ী বিকল্প হিসেবে এই যন্ত্র কতটা গ্রহণযোগ্য হবে, তা নির্ভর করছে এর প্রযুক্তিগত উন্নয়ন ও ভবিষ্যৎ পরীক্ষার ওপর।

