বয়স জালিয়াতির দায়ে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের দুই ক্রিকেটার রোহিত যাদব ও রবি কুমারকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর তথ্যানুযায়ী, ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) মৌসুম শুরুর আগে খেলোয়াড়দের নথিপত্র যাচাই করতে গিয়ে এই অনিয়ম শনাক্ত করে।
লেগস্পিনার রোহিত যাদবকে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে আসন্ন সিরিজের দল থেকে বাদ দেওয়া হয়েছে। সিএবির তথ্যমতে, বয়সভিত্তিক ক্রিকেটে বাংলার প্রতিনিধিত্ব করা রোহিতের দাখিল করা তথ্যের সাথে তার প্রকৃত বয়সের প্রায় ২৭ মাসের গরমিল রয়েছে। এদিকে ২০২২ সালে ক্যারিবিয়ানে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অন্যতম পারফর্মার বাঁহাতি পেসার রবি কুমারকেও একই অপরাধে নিষিদ্ধ করা হয়েছে। রবি কুমারের ক্ষেত্রে বয়সের হেরফের ছিল ৪০ মাসেরও বেশি। একই সঙ্গে সিএবি আরও ৬৪ জন খেলোয়াড়কে বয়সের অনিয়মের দায়ে নিষিদ্ধ করেছে।
রবি কুমার সর্বশেষ ২০২৩ সালে মাঠে নেমেছিলেন এবং বয়সভিত্তিক পর্যায়ে অভিষেকের পর থেকে ২০২৫-২৬ মৌসুম পর্যন্ত তার অর্জিত সব রেকর্ড বাতিল বলে গণ্য হবে। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) অনুমোদিত সব রাজ্য সংস্থাকে এই নিষেধাজ্ঞার বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, অতীতেও ভারতীয় ক্রিকেটে বয়স জালিয়াতি রোধে বিসিসিআই বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ২০২০ সালে বোর্ড একটি 'ক্ষমা নীতি' বা অ্যামনেস্টি স্কিম চালু করেছিল। ওই নিয়মে বলা হয়েছিল, কোনো নিবন্ধিত খেলোয়াড় নিজ থেকে ভুল তথ্য স্বীকার করে সঠিক জন্মতারিখ জমা দিলে তিনি নিষেধাজ্ঞা থেকে রেহাই পাবেন। তবে পরবর্তীতে তথ্য গোপনের বিষয়টি প্রমাণিত হলে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছিল।

