বিশ্বকাপ জয়ের উৎসবে রোনালদোকে খোঁচা দিয়ে বিতর্ক

২০২৬ বিশ্বকাপ জয়ের পর দেশে ফিরে স্পেনের উৎসবের আমেজে এক অনাকাঙ্ক্ষিত বিতর্কের জন্ম হয়েছে। মাদ্রিদের রাস্তায় লাখ লাখ ভক্তের উপস্থিতিতে বিশ্বজয়ের আনন্দ উদযাপনের মঞ্চে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে উদ্দেশ্য করে একটি কটাক্ষপূর্ণ মন্তব্য করা হয়, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

ট্রফি জয়ের পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন দলকে এক নজর দেখতে মাদ্রিদের রাস্তায় নেমে আসেন প্রায় ২০ লাখ সমর্থক। পুরো শহরজুড়ে বর্ণাঢ্য বিজয় মিছিল শেষে ঐতিহাসিক সিবেলেস স্কয়ারে এক জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই আনন্দঘন পরিবেশেই ঘটে সেই বিতর্কিত ঘটনাটি।

সংবর্ধনা মঞ্চে খেলোয়াড়দের একে একে পরিচয় করিয়ে দেওয়ার সময় স্পেনের উইঙ্গার ইয়েরেমি পিনোকে ডাকেন উপস্থাপক। পিনোকে পরিচয় করিয়ে দিতে গিয়ে তিনি ক্রিশ্চিয়ানো রোনালদোকে খোঁচা দিয়ে বসেন। উপস্থাপক বলেন, ‘ওকে অনেকে ক্রিশ্চিয়ানো রোনালদো বলে ডাকতো। কিন্তু এই মানুষটি বিশ্বকাপ জিতেছে। কনফারেন্স লিগজয়ী, আমাদের বিশ্বচ্যাম্পিয়ন-ইয়েরেমি পিনো!’

এই মন্তব্য ছড়িয়ে পড়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। ফুটবলপ্রেমীদের একাংশ এটিকে রোনালদোর প্রতি অপ্রয়োজনীয় উসকানি এবং অসম্মানজনক আচরণ হিসেবে দেখছেন। তবে অন্য অংশটির মতে, বিশ্বকাপ জয়ের অতি-উচ্ছ্বাসে এটি স্রেফ একটি রসিকতা ছিল।

উল্লেখ্য, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো তার বর্ণাঢ্য ক্যারিয়ারে ইউরো, নেশনস লিগ, চ্যাম্পিয়ন্স লিগ ও অসংখ্য ব্যক্তিগত পুরস্কার জিতলেও কখনো বিশ্বকাপ ট্রফি ছুঁয়ে দেখতে পারেননি। অন্যদিকে, ২০২৬ সালে স্পেনের হয়ে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন তরুণ উইঙ্গার ইয়েরেমি পিনো।