নিউজিল্যান্ডের আল্ট্রা-রানার সোফি উডস এক অসামান্য ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন। তিনি মাত্র ২৯ দিনে আল্পস পর্বতমালার ২ হাজার কিলোমিটারের দুর্গম পথ দৌড়ে অতিক্রম করেছেন। ৪২ বছর বয়সী এই দৌড়বিদের এই অর্জন তাকে বিশ্বের অন্যতম কঠিন সহনশীলতার চ্যালেঞ্জ ‘ভিয়া আল্পিনা’র দ্রুততম সম্পন্নকারী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
গত ৪ জুলাই ইতালিতে নিজের এই রোমাঞ্চকর অভিযান শুরু করেন সোফি। এরপর স্লোভেনিয়া, অস্ট্রিয়া, জার্মানি, লিখটেনস্টাইন, সুইজারল্যান্ড এবং ফ্রান্সের কঠিন ভূখণ্ড পাড়ি দিয়ে ১ আগস্ট রাতে তিনি মোনাকোর ভূমধ্যসাগরীয় উপকূলে পৌঁছান। এই দীর্ঘ যাত্রাপথে তাকে প্রায় ১২ বার মাউন্ট এভারেস্ট আরোহণের সমান উচ্চতায় উঠতে হয়েছে। এর আগে ২০২৪ সালে ব্রিটিশ দৌড়বিদ জেক ক্যাটেরাল ৩৫ দিনে এই রুট শেষ করে রেকর্ড গড়েছিলেন, যা সোফি এবার ভেঙে দিলেন।
বিবিসি স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে সোফি জানান, সাফল্যের আনন্দ থাকলেও তিনি প্রচণ্ড ক্লান্ত। অভিযানের শেষ কয়েক দিনে শক্তিশালী ফিনিশিং নিশ্চিত করতে তাকে প্রতিদিন মাত্র দেড় থেকে আড়াই ঘণ্টা ঘুমাতে হয়েছে, যা তার শারীরিক সক্ষমতাকে চরম পরীক্ষার মুখে ফেলেছিল। এই যাত্রায় তাকে প্রতিদিন ১৫ থেকে ১৮ ঘণ্টা দৌড়াতে হয়েছে। তার খাদ্যতালিকায় ছিল পাস্তা, এনার্জি জেল এবং ম্যাকডোনাল্ডসের খাবার।
সোফির এই অভিযানে তার স্বামী জর্জ, বন্ধু জো এবং তাদের পোষা কুকুর নিলা সঙ্গে ছিলেন। পুরো পথে তাকে দাবানল, ঝড়ের কবলে পড়া, ঘোড়ামাছির উপদ্রব এবং দুটি তীব্র তাপপ্রবাহের মতো প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। বিশেষ করে দাবানলের কারণে তাকে নির্ধারিত পথ পরিবর্তন করতে হয়, যার ফলে অতিরিক্ত ৫ কিলোমিটার পথ ও বিপজ্জনক ২০০ মিটার আরোহণ করতে হয়েছিল। প্রথম সপ্তাহটি শারীরিক যন্ত্রণায় কাটলেও তৃতীয় সপ্তাহ থেকে শরীর মানিয়ে নেয় বলে জানান তিনি। এখন আপাতত বিশ্রাম এবং নেটফ্লিক্স দেখার পরিকল্পনা করছেন এই রেকর্ডধারী দৌড়বিদ।

