ডাবলিনে রায়ানএয়ার কর্মীদের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ সাঙ্গাকারার

শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা সম্প্রতি ডাবলিন বিমানবন্দরে এক অপ্রীতিকর অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার কথা জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন যে, বিমানবন্দরটিতে ভ্রমণের সময় আইরিশ এয়ারলাইন রায়ানএয়ারের গেট কর্মীরা তার ও তার পরিবারের সঙ্গে অত্যন্ত বৈষম্যমূলক ও হুমকিমূলক আচরণ করেছেন।

বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সাঙ্গাকারা জানান, কর্মীদের কথা বলার ধরন এবং পুরো প্রক্রিয়াটি পরিচালনার পদ্ধতি ছিল অগ্রহণযোগ্য। তার মতে, এটি ডাবলিনে তার প্রথম কোনো খারাপ অভিজ্ঞতা। তিনি প্রশ্ন রাখেন, ডাবলিনে রায়ানএয়ারের গেট কর্মীদের কাছ থেকে এমন বৈষম্যমূলক আচরণের অভিজ্ঞতা আর কারও হয়েছে কি না।

সাঙ্গাকারার এই পোস্টের প্রতিক্রিয়ায় একজন ব্যবহারকারী পাল্টা অভিযোগ তোলেন যে, সাঙ্গাকারা নিজেকে বিশেষ কেউ মনে করে অগ্রাধিকারমূলক সুবিধা পাওয়ার প্রত্যাশা করছেন। ওই ব্যবহারকারী দাবি করেন, রায়ানএয়ার কোনো বাড়তি জাঁকজমকের প্রতিশ্রুতি দেয় না এবং সবার সঙ্গে সমান আচরণ করাই নিরপেক্ষতা।

এই মন্তব্যের কড়া জবাব দিয়েছেন সাঙ্গাকারা। তিনি স্পষ্ট করে বলেন, যখন তাকে বলা হয় যে তার মতো পাসপোর্টধারীর কাছ থেকে এমন আচরণই প্রত্যাশা করা উচিত, এবং এই ঘৃণ্য মন্তব্যের প্রতিবাদ করলে সহযাত্রীদের জন্য হুমকি হিসেবে গণ্য করে বিমানে উঠতে বাধা দেওয়া হয়, তখন তা কেবল বৈষম্য নয়, বরং বর্ণবাদ।

সাঙ্গাকারার এই পোস্টের নিচে ডব্লিউএসও২-এর প্রধান নির্বাহী সঞ্জীব বীরওয়ারানাও মন্তব্য করেন যে, তিনিও পশ্চিমের বিভিন্ন জায়গায় বৈষম্যের শিকার হয়েছেন। সাঙ্গাকারা তার প্রতিক্রিয়ায় বলেন, যখন এমন ঘটনা নিজের ওপর ঘটে, তখন তা সত্যিই বেশ ধাক্কা দেয়। উল্লেখ্য, উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী, রায়ানএয়ার আয়ারল্যান্ডের সোর্ডসভিত্তিক ইউরোপের বৃহত্তম বিমান সংস্থা।