আন্তর্জাতিক ফুটবল থেকে পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর বিদায়ের পর পর্তুগাল জাতীয় দল এখন এক বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। ফুটবল বিশ্লেষকদের মতে, রোনালদোর অনুপস্থিতিতে মাঠের কৌশলগত শূন্যতা সামাল দেওয়া তুলনামূলক সহজ হলেও, মাঠের বাইরে তার যে বিশাল বাণিজ্যিক ও বৈশ্বিক প্রভাব ছিল, তা পূরণ করা পর্তুগিজ ফুটবলের জন্য অত্যন্ত কঠিন হবে।
দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে পর্তুগালকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন রোনালদো। তার অধিনায়ত্বেই ২০১৬ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতে দেশটি প্রথমবারের মতো কোনো বড় আন্তর্জাতিক ট্রফি ঘরে তোলে। বিশ্বজুড়ে পর্তুগালের ফুটবলের জনপ্রিয়তা অর্জনেও তার অবদান ছিল অপরিসীম। তবে বয়সের কারণে সাম্প্রতিক কয়েকটি বড় টুর্নামেন্টে তার পারফরম্যান্সে আগের ধারাবাহিকতা ছিল না। দলকে আরও গতিশীল ও কার্যকরী করতে আক্রমণভাগে নতুন প্রজন্মের খেলোয়াড়দের সুযোগ দেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল।
মাঠের পারফরম্যান্সের বাইরে রোনালদো ছিলেন পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সবচেয়ে বড় বাণিজ্যিক সম্পদ। বিশ্বজুড়ে তার বিপুল জনপ্রিয়তার ওপর ভর করে প্রচুর স্পনসরশিপ, বিজ্ঞাপন ও প্রচারসংক্রান্ত বাণিজ্যিক চুক্তি এসেছে। এর একটি বড় উদাহরণ দেখা যায় ২০১৮ সালে, যখন তিনি জুভেন্টাসে যোগ দিয়েছিলেন। কেবল তার যোগদানের ঘোষণার পর প্রথম ২৪ ঘণ্টায় ক্লাবটির সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীর সংখ্যা বেড়েছিল প্রায় ২২ লাখ, যা পরবর্তীতে জুভেন্টাসকে বড় অঙ্কের বাণিজ্যিক চুক্তি পেতে সাহায্য করে। পর্তুগাল জাতীয় দলের আন্তর্জাতিক ব্র্যান্ডমূল্য ও বিপণন পরিচিতি বাড়াতেও তিনি ঠিক একইভাবে অসামান্য ভূমিকা রেখেছেন।
ক্রীড়া বিপণন বিশেষজ্ঞরা বলছেন, রোনালদো নিজেই একটি বৈশ্বিক ব্র্যান্ড। তার বিদায়ে পর্তুগাল শুধু একজন কিংবদন্তি ফুটবলারকেই হারাল না, বরং বিশ্বজুড়ে দেশটির ফুটবলের পরিচিতি ও প্রচার বাড়ানোর অন্যতম বড় মাধ্যমটিকেও হারাল। ফলে ফুটবলের আন্তর্জাতিক বিপণন বাজারে রোনালদোর তৈরি শূন্যতা দীর্ঘদিন ধরে অনুভব করতে হবে দেশটিকে।
অন্যদিকে, মাঠের ফুটবলে আক্রমণভাগের নতুন ভরসা হয়ে উঠছেন উদীয়মান স্ট্রাইকার গনসালো রামোস। রোনালদোর অনুপস্থিতিতে সুযোগ পেয়েই নিজের পারফরম্যান্সের সামর্থ্য প্রমাণ করছেন তিনি। সম্প্রতি ডেনমার্ক ও নরওয়ের বিরুদ্ধে লক্ষ্যভেদ করার পাশাপাশি টানা তিন ম্যাচে গোল করার কৃতিত্ব অর্জন করেছেন তরুণ এই ফুটবলার।
বিশ্লেষকদের অভিমত, রামোসের বয়স, গতি ও আক্রমণাত্মক খেলার ধরন পর্তুগালের নতুন প্রজন্মের খেলোয়াড়দের সাথে বেশি মানানসই। তার উপস্থিতিতে দলটির আক্রমণভাগ আরও গতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে, যা মাঝমাঠ ও দুই প্রান্তের প্রতিভাবান খেলোয়াড়দের কার্যকরভাবে ব্যবহার করতে সাহায্য করবে। ফলে রোনালদোর বিদায়ে মাঠের খেলায় দল পুনর্গঠনের ভালো সুযোগ তৈরি হলেও বাণিজ্যিক সাফল্য ও বিশ্বজোড়া জনপ্রিয়তার জায়গায় তার বিকল্প খুঁজে পাওয়া পর্তুগালের জন্য এক কঠিন বাস্তবতা।

