পেশাদার ফুটবলে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ এই মহাতারকা তার এই ব্যক্তিগত লক্ষ্যের আরও কাছাকাছি পৌঁছে গেছেন। শুক্রবার রাতে সৌদি প্রো লিগে আল তাউনের বিপক্ষে আল নাসরের ২-১ গোলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। ম্যাচটিতে দলের জয়সূচক গোলটি এসেছে রোনালদোর পা থেকেই।
এই গোলের সুবাদে পেশাদার ক্যারিয়ারে রোনালদোর গোলসংখ্যা এখন ৯৭৮। অর্থাৎ, ৪১ বছর বয়সী এই মহাতারকা ১০০০ গোলের মাইলফলক থেকে আর মাত্র ২২ গোল দূরে রয়েছেন।
নিজেদের মাঠে আয়োজিত এই ম্যাচে শুরু থেকেই আল নাসর বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রেখেছিল। তবে আক্রমণে আধিপত্য বিস্তার করলেও ম্যাচের ১১ মিনিটে আল তাউনের বাসাম মোহাম্মদ আলহুরাইজির গোলে পিছিয়ে পড়তে হয় স্বাগতিকদের। গোল হজম করার পর আল নাসর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে এবং প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে সামু কস্তার গোলে ১-১ সমতায় বিরতিতে যায় বর্তমান চ্যাম্পিয়নরা।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল আদায়ের জন্য মরিয়া হয়ে ওঠে আল নাসর। দ্বিতীয়ার্ধের মাত্র পাঁচ মিনিটের মাথায় রোনালদো সেই অপেক্ষার অবসান ঘটান। সতীর্থ মোহামেদ সিমাকানের নেওয়া শটটি গোলমুখী ছিল, যা রোনালদো কাছ থেকে পা ছুঁইয়ে জালে জড়িয়ে দেন। তার এই গোলেই শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিশ্চিত হয় আল নাসরের। চলতি সৌদি প্রো লিগে এটি রোনালদোর তৃতীয় ম্যাচে দ্বিতীয় গোল। এই জয়ে চার ম্যাচে চার জয় নিয়ে পয়েন্ট তালিকায় নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করেছে আল নাসর।

