আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের কোচিং প্যানেলে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। ২০২৭ সালের আসরের আগে দলটির প্রধান কোচের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে ক্যারিবীয় অলরাউন্ডার কাইরন পোলার্ডের কাঁধে। গত সপ্তাহে মাহেলা জয়াবর্ধনের সঙ্গে ফ্র্যাঞ্চাইজিটির সম্পর্কচ্ছেদের পর তার স্থলাভিষিক্ত হলেন পোলার্ড।
২০২৩ সালের আইপিএল আসরের আগেই খেলোয়াড়ি জীবন থেকে অবসর গ্রহণ করেছিলেন পোলার্ড। এরপর গত চার মৌসুম ধরে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই এবার তাকে পুরো দলের প্রধান কোচ হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।
২০১০ সাল থেকে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে পোলার্ডের দীর্ঘদিনের সম্পর্ক। খেলোয়াড় হিসেবে তিনি দলকে ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে মোট পাঁচবার আইপিএল শিরোপা এনে দিয়েছেন। এছাড়া ২০১১ ও ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি জয়েরও অংশ ছিলেন তিনি। আইপিএলে ১৮৯টি ম্যাচ খেলে ১৪৭.৩২ স্ট্রাইক রেটে তিনি মোট ৩,৪১২ রান করেছেন এবং ৬৯টি উইকেট শিকার করেছেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর এক বিবৃতিতে পোলার্ড বলেন, মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচের দায়িত্ব পাওয়াটা তার জন্য দারুণ সম্মানের। এই দল তার জীবন ও ক্যারিয়ারের একটি বিশাল অংশ। খেলোয়াড় ও সহায়ক স্টাফদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে তিনি দলের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করতে চান বলে জানিয়েছেন। তিনি নতুন প্রতিভাবানদের গড়ে তোলা এবং সমর্থকদের জন্য আরও উদযাপনের মুহূর্ত তৈরির অপেক্ষায় আছেন।
পোলার্ডের নিয়োগ নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে নীতা আম্বানি বলেন, পোলার্ড খুব ভালো করেই জানে মুম্বাইয়ের জার্সি গায়ে জড়ানোর অর্থ কী। নতুন এই দায়িত্বেও সে একই প্রতিশ্রুতি, বিশ্বাস ও দৃঢ়তা বজায় রাখবে বলে তিনি পূর্ণ আস্থা প্রকাশ করেছেন এবং তার নতুন অধ্যায়ের নেতৃত্বের সফলতা কামনা করেছেন।
