ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আর ফিরবেন না তারকা ফরোয়ার্ড নেইমার। সেলেসাওদের কোচ কার্লো আনচেলত্তি নিজেই এই খবর নিশ্চিত করেছেন। বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর ব্রাজিল দল নতুন করে সাজানোর যে পরিকল্পনা করছে, তারই অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানা গেল।
সিএনএন এস্পোর্তেসকে দেওয়া একটি সাক্ষাৎকারে কার্লো আনচেলত্তি নেইমারের অবসরের বিষয়টি স্পষ্ট করেন। তিনি বলেন, নিজের খেলার মানের কারণেই নেইমারের বিশ্বকাপ দলে থাকা উচিত ছিল। তবে নেইমার নিজেই নিশ্চিত করেছেন যে, তিনি আর জাতীয় দলে ফিরতে চান না। আনচেলত্তির মতে, নেইমারের মতো একজন অসাধারণ ও অনন্য প্রতিভার বিকল্প খুঁজে পাওয়া অসম্ভব।
নেইমার-অধ্যায়ের এই আনুষ্ঠানিক সমাপ্তির পর ব্রাজিল দলকে নতুন করে ঢেলে সাজানোর দিকেই এখন মূল নজর কোচের। ২০৩০ সালের বিশ্বকাপের মধ্যে ব্রাজিলকে বিশ্ব ফুটবলের শীর্ষস্থানে ফিরিয়ে নেওয়ার লক্ষ্যে একটি নতুন প্রজন্ম তৈরি করতে চান তিনি।
নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আনচেলত্তি জানান, তাদের ধাপে ধাপে এগিয়ে যেতে হবে। এখন এমন তরুণ খেলোয়াড়দের ওপর মনোযোগ দেওয়ার সময় এসেছে যারা দলের ভবিষ্যৎ হতে পারে। বিশেষ করে ২০০৪, ২০০৫ এবং ২০০৬ সালে জন্ম নেওয়া ফুটবলারদের দিকেই এখন বেশি নজর দেওয়া হচ্ছে। এছাড়া ২০০৮ সালে জন্ম নেওয়া কিছু প্রতিভাবান তরুণও রয়েছে, যারা এখনো খেলছে না তবে ভবিষ্যতে খেলতে পারবে। ৩৬ বা ৩৭ বছর বয়সেও একজন খেলোয়াড় দারুণ পারফর্ম করতে পারে স্বীকার করে নিয়ে আনচেলত্তি বলেন, বর্তমান সময়ে তরুণদের অগ্রাধিকার দেওয়াটাই সবচেয়ে জরুরি।

